Image description

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ির সদর ইউনিয়নের বড়কোনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে।

এদিকে এই ঘটনার জন্য প্রতিপক্ষ জেএসএস সন্তু গ্রুপকে দায়ী করেছে ইউপিডিএফ।

নিহত আপন ত্রিপুরার পানছড়ির মরাটিলা এলাকার মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

এক বিবৃতিতে ইউপিডিএফ জানায়, সকালে সন্তু গ্রুপের ১৫-২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় প্রবেশ করে ওত পেতে থাকে। এ সময় ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) সাংগঠনিক কাজে যাওয়ার পথে তাদের সামনে পড়ে যায়। এতে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে ঠাণ্ডামাথায় গুলি করে হত্যা করে।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা হত্যাকাণ্ডের ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত করে দেখা হচ্ছে।

শীর্ষনিউজ