চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া পোড়াগ্রামে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বাজানোকে ‘হারাম’ ঘোষণা করে টানানো ব্যানার ও ফেস্টুন জব্দ করেছে প্রশাসন। স্থানীয় মসজিদ কমিটির নেতৃত্বে গঠিত ‘সমাজ সংস্কার কমিটি’র নেওয়া এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে তেররশিয়া পোড়াগ্রাম জামে মসজিদ কমিটির সদস্য ও গ্রামবাসীর একটি অংশ ‘গান-বাজনা বা বাদ্যযন্ত্রমুক্ত সমাজ গঠনের সিদ্ধান্ত’ শিরোনামে একটি নোটিশ প্রচার করে। ওই নোটিশে গ্রামের যুবসমাজের নৈতিকতা রক্ষা ও পারিবারিক শান্তির দোহাই দিয়ে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বাজানোকে ‘হারাম’ এবং ‘অপসংস্কৃতি’ হিসেবে উল্লেখ করা হয়।
গ্রামবাসীর গণসম্মতির কথা বলে নেওয়া এই সিদ্ধান্তে হুঁশিয়ারি দেওয়া হয়, বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে গান-বাজনা করলে স্থানীয় আলেমরা ধর্মীয় রীতিতে বিয়ে পড়াতে যাবেন না। এমনকি গ্রামে মাইক নিয়ে গান বাজিয়ে কোনো ফেরিওয়ালা প্রবেশ করলে তাকেও বাধা দেওয়া হচ্ছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠ ও মসজিদ কমিটির সদস্যরা এই উদ্যোগকে ‘সমাজ সংস্কার’ বললেও স্থানীয় তরুণ সমাজ ও নারীদের মাঝে এ নিয়ে অসন্তোষ বিরাজ করছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন তরুণ জানান, দ্বন্দ্ব-সংঘাত এড়াতে তারা এতদিন প্রতিবাদ করেননি, তবে ব্যক্তিগত রুচি ও বিনোদনের ওপর এমন নিষেধাজ্ঞাকে তারা মেনে নিতে পারছিলেন না।
বিষয়টি সম্প্রতি জানাজানি হলে জেলা ও উপজেলা প্রশাসনের নজরে আসে। গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন মসজিদ কমিটির সদস্যদের তলব করেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, আইনগত এখতিয়ার না থাকা সত্ত্বেও তারা না বুঝে এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, মসজিদ কমিটির লোকজন নিজেদের ভুল স্বীকার করেছেন। তারা ইতোমধ্যেই ব্যানার-ফেস্টুন সরিয়ে নিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড আর করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তারা সভা ডেকে দুঃখ প্রকাশ করবেন এবং গান-বাজনা নিষিদ্ধের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে সেই কপি ইউএনও অফিসে জমা দেবেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ঘটনাটি নজরে আসার পর পুলিশ গ্রামে অভিযান চালিয়ে গান-বাজনা নিষিদ্ধ সম্বলিত সকল ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে।
শীর্ষনিউজ