লেবাননের নাবী চিতে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় নারী-শিশুসহ অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন। এর প্রতিবাদে ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নাবী চিত শহরে ইসরায়েলি বাহিনীর এ আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। রাতভর চালানো এ হামলায় আরও অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী নাবী চিতে প্রথমে আকাশপথ থেকে বোমাবর্ষণ করে এবং পরে হেলিকপ্টার থেকে প্যারাট্রুপার নামিয়ে আক্রমণ চালায়। এর ফলে ওই এলাকার অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছেন।
এ বর্বরোচিত হামলার জবাব দিতে আজ স্থানীয় সময় দুপুর ১টার দিকে ইসরায়েলের সাফেদ শহরের উত্তর-পূর্বে অবস্থিত ‘দাদো’ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা জানিয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি এবং লেবাননের অন্যান্য জনপদে চালানো ইসরায়েলি পাশবিকতার পাল্টা জবাব হিসেবে এ বিশেষ অভিযান চালানো হয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা ও বিবিসি।