Image description

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হোসেনের একটি বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বাজার ইজারা ও ছাত্রদের অধিকার প্রসঙ্গে দেয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজারে ছাত্র ও নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য দেন তিনি। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে রিপন হোসেন বলেন, ‘এই বাজার খেকো যেসব দালাল আছেন, আপনারা খুব সহজে এই ছেলেদের অধিকারের জায়গা দখল করবেন না। এই ক্ষুধার্ত ছেলেরা যদি বাজার-ঘাট না খেতে পারে, সরকার লিজ দেবে।এসব ছাত্ররা প্রয়োজনে বাপের কাছ থেকে ভিক্ষা করে হলেও বাজার লিজ নেবে।’

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘যখন আপনারা ১০ টাকার জিনিস ৩০ টাকা দিয়ে কিনবেন, সেই সামর্থ্য এদের (ছাত্রদের) নেই। এরা খেতেও পারবে না। কিন্তু এই অধিকার আপনাদের কে দিয়েছে? যদি দেশের জন্য কাজ করতেন, আন্দোলন-সংগ্রাম করতেন, রাজপথে যেতেন— তাহলে বুঝতাম আপনাদের অধিকার আছে। যারা গিয়েছেন, তারাই পাবেন। আপনাদের বাদ দিয়ে এসব ছেলেরা খেতে চায়নি। আপনাদের সঙ্গে রেখেই অল্প ইজারা দিয়ে তারা আপাতত জীবন বাঁচাবে।’

তিনি আরও বলেন, ‘আজ যেসব ছাত্র নির্যাতিত, যেসব আন্দোলনকারী ভাত পাচ্ছে না— আপনারা দলপ্রেমী মানুষ তাদের দিকে লক্ষ্য রাখবেন। আন্দোলনে যারা ছিল, তারাই হাট-ঘাট খাবে। সে যে দলেরই হোক, তার অধিকার আছে। আপনি যদি না যান, তাহলে অধিকার পাবেন না। আর যদি যান, তাহলে প্রতিহত করে অধিকার আদায় করে নেবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেউ যদি টাকার গরমে বাজার ডেকে আনে, ওই বাজারে ঢুকলে পিঠের চামড়া তুলে দেয়া হবে। এই অধিকার তোমাদের, তোমরাই খাবে। আমি তোমাদের সঙ্গে আছি।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। কেউ টেন্ডারের মাধ্যমে হাট-ঘাটের ইজারা পেলে, সে যে দলেরই হোক না কেন, ভোগ করার অধিকার তার রয়েছে। কেউ যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন, তা তার ব্যক্তিগত মতামত।’

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘ভিডিওটি আংশিক দেখেছি। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি দেখতে বলেছি। যদি তিনি এ ধরনের কথা বলে থাকেন, দায়িত্বশীল জায়গা থেকে এভাবে বলা উচিত হয়নি। এর দায় দল নেবে না।’