বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বর্তমান মেয়াদ শেষে দায়িত্বে না থাকার ইঙ্গিত দিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা, তবে তা নবায়নের সম্ভাবনা কম বলেই জানা গেছে।
বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ নিশ্চিত করেছে, গাজী আশরাফ ইতোমধ্যে বোর্ডকে একটি চিঠি দিয়েছেন যেখানে তিনি ব্যক্তিগত ব্যস্ততার কারণে দায়িত্ব অব্যাহত রাখতে অপারগতার কথা উল্লেখ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিনহাজুল আবেদিনের স্থলাভিষিক্ত হয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নেন তিনি।
গাজী আশরাফ নিজেও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, ৫ ফেব্রুয়ারি বোর্ডকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠান তিনি। সাধারণত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এসব পদে চুক্তি নবায়ন হয়ে থাকে, তবে ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে ভবিষ্যতে এই দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হবে না বলেই জানান তিনি।
তার ভাষ্য, আগামী জানুয়ারি থেকে পারিবারিক বিষয় ও ব্যক্তিগত কাজ নিয়ে পুরোপুরি ব্যস্ত থাকতে হবে। চলতি বছরেও কয়েক সপ্তাহ দেশের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনাও আছে। এ কারণেই আগেভাগে বোর্ডকে নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে দিয়েছেন তিনি।
তবে বোর্ড চাইলে আলোচনার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন গাজী আশরাফ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, কোনো বিরূপ পরিস্থিতি তৈরি না করে সৌহার্দ্যপূর্ণভাবেই দায়িত্ব ছাড়তে চান। তার মতে, চুক্তিভিত্তিক এই পদ থেকে সুখকর সম্পর্ক বজায় রেখে বিদায় নেওয়াই তার লক্ষ্য।