ঝালকাঠির কাঁঠালিয়ায় নবনির্বাচিত সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা থেকে বাড়ী ফেরার পথে একই দলীয় দুইজনকে মারধর ও মটর সাইকেল ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা মাদ্রাসা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন, ছাত্রদল কর্মী ইমরান হোসেন (২৭) ও হাসান হাওলাদার (৩০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহত ইমরান হোসেনের মা বিউটি বেগম বাদী হয়ে স্থানীয় অলি হাওলাদারসহ ১২ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবারে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সেই মিটিং এ অলির নেতৃত্বে না গিয়ে একা যাওয়ায় ক্ষিপ্ত হয় অলি ও তার লোকজন।
বাড়ী ফেরার পথে রাত সারে ৭টার দিকে স্থানীয় ছোনাউটা মাদ্রাসা বাজারে পৌছালে অলি হাওলাদারের নেতৃত্বে ১২/১৪ জন ইমরান ও হাসানের মটর সাইকেল থামিয়ে তাদের মারধর করে। এসময় ইমরানের মটর সাইকেল ভাংচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয় অভিযোগে উল্লেখ করা হয়।
হামলা ভাংচুরের অভিযোগ অস্বীকার করে অলি হাওলাদার জানান, ইমরানের সাথে সামান্য তর্কবির্তক হয়েছে। এর বেশি কিছু নয়।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষনিউজ