নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে বিএনপিকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর জিএস এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এস এম ফরহাদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ দাবি করেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাগেরহাট, ময়মনসিংহ, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা হামলা চালাচ্ছে।
তিনি বলেন, তারেক রহমানসহ বিএনপির যাঁরা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে, তাঁদের অন্তত এবার আওয়ামী আচরণ অনুসরণ না করার প্রত্যাশা করছি। ছাত্রলীগ বা আওয়ামী লীগের মতো আচরণ করে পুনরায় ফ্যাসিবাদী পথে হাঁটবেন না বলেও তিনি মন্তব্য করেন।
আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, আমাদের আবার আবু সাঈদ হয়ে রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা আশা করেছিলাম নির্বাচনের পর একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, ২০০৮ সালে আওয়ামী লীগ অধিক আসন পেয়েও এত দ্রুত ও কঠোর আচরণ দেখায়নি।
ডাকসু জিএস ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন শেষ হওয়ার একদিন না যেতেই বিএনপি তাদের কর্মীদের হামলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এমনকি দলটির শীর্ষ নেতৃত্ব থেকেও সহিংসতা বন্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও নীরব বলে মন্তব্য করেন তিনি। এটি একটি ‘ভয়াবহ বার্তা’ বহন করছে বলে তাঁর দাবি।
ছাত্রসমাজের পক্ষ থেকে তিনি স্পষ্ট করে বলেন, কোনো শিক্ষার্থীর পরিবার বা সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাঁরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবেন। তিনি আশা প্রকাশ করেন, বিজয়ী দল আওয়ামী লীগের ছায়া হয়ে উঠবে না এবং ২৪-পরবর্তী সময়ে বিরোধী দলের বিরুদ্ধে হামলা-মামলার যে সংস্কৃতি বন্ধ হয়েছিল, তা যেন আর ফিরে না আসে।
বিজয়ীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে এস এম ফরহাদ বলেন, দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ চায় না। ক্ষমতার অপব্যবহার বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাই এখন সময়ের প্রধান দাবি