ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ২০ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিশাল বিজয়ের পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখা ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান।
প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক খালেদ খালেদ মুহিউদ্দীন তাকে প্রশ্ন করেন, দুইশ’র বেশি আসন পেতে তার দলকে কোনও ইঞ্জিনিয়ারিং করেতে হয়েছে কিনা। এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণকে কনভিন্স করাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং।’
তারেক রহমান আরও বলেন, “আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল, সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা—সেটাতে আলহামদুলিল্লা আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আমাদের চ্যালেঞ্জ। যেকোনও ভালো কিছু অ্যাচিভ করতে গেলেই কষ্ট করতে হয়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. জাহিদ হোসেন প্রমুখ।