জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সচিব আব্দুল বারী-এর সঙ্গে আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আক্কেলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা হয়।
উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানার সঞ্চালনায় সভায় স্থানীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় এমপি আব্দুল বারী বলেন, দলে মতবিরোধ থাকতে পারে, তবে দল একটাই- সবাইকে দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের গ্রুপিং রাজনীতি বরদাশত করা হবে না। দলের মধ্যে চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কোনো স্থান হবে না। আমি কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজকে দলে গ্রহণ করব না।’
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জয়পুরহাট-২ আসনের তিন উপজেলা- কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরে গ্রামীণ সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, বিএনপি নেতা এম কেরামত আলী, সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামল, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউল্যাহ খান রতন, জেলা যুবদলের সদস্য মাহমুদুর রহমান রিপন, বিএনপি নেতা তরিকুল ইসলাম তুহিন ও স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান তুষার, সদস্য সচিব তানভীর নেওয়াজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামী শাহিদ, সদস্য সচিব নাফিজ নেওয়াজ রমিমসহ আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনকণ্ঠ