Image description

গোপালগঞ্জের তিনটি আসনেই বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে এই প্রথম বিএনপি’র এত বড় বিজয় অর্জন করেছে। এর আগে, ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসন (সংসদীয় আসন ২১৫) থেকে মাত্র একবার বিএনপি’র এফ.ই শরফুজ্জামান জাহাঙ্গীর বিএনপি থেকে বিজয়ী হয়েছিলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে (সংসদীয় আসন ২১৫) বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনে (সংসদীয় আসন ২১৬) বিএনপি মনোনীত কে এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনে (সংসদীয় আসন ২১৭) বিএনপি মনোনীত এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

গোপালগঞ্জ-১ আসনে (সংসদীয় আসন ২১৫) বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩৯৬১ ভোট।

গোপালগঞ্জ-১ আসন (সংসদীয় আসন ২১৫) থেকে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ১৩৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৯৯ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৮২১ জন আর নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৮৯ জন।

গোপালগঞ্জ-২ আসনে (সংসদীয় আসন ২১৬) বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন ৪০ হাজার ৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

গোপালগঞ্জ-২ আসন (সংসদীয় আসন ২১৬) থেকে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ১৫১টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৩২৪ জন। পুরুষ ১ লাখ ৯৪ হাজার ৬২ জন আর ১ লাখ ৯ হাজার ২৫৮ জন, হাজড়া ৪ জন।

 

গোপালগঞ্জ-৩ আসনে (সংসদীয় আসন ২১৭) বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০১৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩৮৬৭ ভোট।

গোপালগঞ্জ-৩ আসন থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানের ১০৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৫ জন আর নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জন, হিজড়া ১ জন।

জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এর আগে, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী কে এম বাবরের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহকারী রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি বিজয় মিছিল নিয়ে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে আসেন।পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে তিনি যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি বিএনপি’র চেয়ারম্যানের মাধ্যমে বিগত দিনে যে উন্নয়ন হয়েছে তার চেয়েও বেশি উন্নয়ন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

তিনি আরো বলেন, ভবিষ্যতে গোপালগঞ্জের শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন। পরে তিনি গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি’র প্রার্থীদের বিজয়ী করায় তিনি গোপালগঞ্জের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন।