Image description

বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

প্রিসাইডিং অফিসারদের স্বাক্ষরিত ভোট গণনার তথ্য বিবরণী অনুযায়ী বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেছে।

ঘোষণা অনুসারে, বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৭১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন পেয়েছেন ৬৭ হাজার ১৫৫ ভোট।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ০৩ হাজার ৭১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৭০৫ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বেসরকারিভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আলিম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।