বরগুনার পাথরঘাটায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কামারের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কাঁঠালতলি ইউনিয়নের কালীপুর এলাকার সুলতান আকনের ছেলে ও বিএনপি নেতা টিপু (৩৬), সফিজ উদ্দিনের ছেলে ও জামায়াতের রোকন মোস্তাফিজুর রহমান (৪০), আবুল কাশেমের ছেলে ও জামায়াত কর্মী জসিম উদ্দিন (৪০) এবং জামায়াত নেতা জালাল হোসেন (৬০)।
আহত ব্যক্তিদের অভিযোগ, বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপি- ও জামায়াতের উভয় প্রার্থীর নেতৃত্বে একদল লোক কর্মীদের ওপর হামলা চালান। এতে জসিম উদ্দিন গুরুতর আহত হলে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে বিএনপি নেতা টিপুর পরিবারের অভিযোগ, জামায়াত-শিবিরের নেতা-কর্মী বাশার মোল্লা, নজরুল, তুষার, নোমানসহ কয়েকজন টিপুর বাড়িতে গিয়ে হামলা চালান। এতে টিপুর পা ভেঙে গেছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মারামারির ঘটনা ঘটছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষনিউজ