Image description

​সক্রিয় রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও সাংবাদিক হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) সংবাদ সংগ্রহের কার্ড পাওয়ার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মোঃ আশিক মাহমুদের বিরুদ্ধে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে তাকে এই পরিচয়পত্র প্রদান করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, আশিক মাহমুদকে 'দৈনিক নাগরিক ভাবনা' নামক একটি‌ পত্রিকার প্রতিনিধি হিসেবে সাংবাদিক কার্ড দেওয়া হয়েছে। কার্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হিসেবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরও এতে বিদ্যমান। জানা যায়, আশিক মাহমুদ নিজেই কার্ডটির ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পরবর্তীতে তিনি পোস্টটি টাইমলাইন থেকে সরিয়ে ফেলেন। 

 

জানা গেছে, আশিক মাহমুদ সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। কলেজের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাকে সম্মুখভাগে দেখা যায়। অথচ নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, কেবল পেশাদার সংবাদকর্মীদেরই নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য এই কার্ড দেওয়ার বিধান রয়েছে। সাংবাদিকতা পেশার সাথে যুক্ত না থেকেও একজন সক্রিয় রাজনৈতিক কর্মীর এই কার্ড প্রাপ্তি নিয়ে নানা মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে।

পেশাদার সাংবাদিকরা বলছেন, অনেক স্বীকৃত সংবাদমাধ্যমের কর্মীরা যখন কার্ড পেতে যাচাই-বাছাইয়ের সম্মুখীন হচ্ছেন, তখন একজন দলীয় কর্মীর সাংবাদিক পরিচয়পত্র পাওয়া ইসির তথ্য যাচাই প্রক্রিয়ার দুর্বলতাকে স্পষ্ট করে। রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের হাতে কার্ড থাকা নির্বাচনের দিন নিরপেক্ষ সংবাদ সংগ্রহের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে সংবাদকর্মীরা মনে করছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ আশিক মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি সাংবাদিকতা পেশার সাথেই যুক্ত আছি। আমার পেশাগত অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে আপনারা 'দৈনিক নাগরিক ভাবনা' কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।"