Image description

পোলিং এজেন্ট ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, “এখন পর্যন্ত সব ঠিক আছে। জনগণ আমাদের পক্ষে আছে। জয় আমাদেরই হবে ইনশাল্লাহ। তবে এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়।”

তিনি বলেন, “ভোটের দিন সামান্য কোনো ভুলও হলে তা দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।”

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রধান কার্যালয়ে পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় ও নির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, “প্রতিটি ভেনুতে একাধিক ভোটকেন্দ্র থাকায় সেগুলো সমন্বয়ের জন্য আলাদা করে ভ্যেনু প্রধান নিয়োগ করা হয়েছে। মোট ৪৭টি ভ্যেনুর জন্য ৪৭ জন ভ্যেনু প্রধান দায়িত্বে থাকবেন। কোনো জরুরি প্রয়োজনে ভ্যেনু প্রধানই সংশ্লিষ্ট টিম ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করবেন।”

তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পুলিং এজেন্টদের দায়িত্ব। কে কেন্দ্রীয় প্রধান, কে ভ্যেনু প্রধান—এগুলো মুখ্য নয়; মুখ্য হলো পুলিং এজেন্টরা। কারণ, তাদের ওপরই নির্বাচনের ফলাফল নির্ভর করছে। সবাই যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তাহলে ইনশাল্লাহ আমরা জিতব।”

আবদুস সালাম বলেন, “দলের জয়ই সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কার কি দায়িত্ব দেয়া হয়েছে সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই। দলকে জেতাতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

তিনি বলেন, “প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক থাকতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, যাতে ভোটাররা কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হন।”

ভোটার উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ভোট যত বেশি হবে, ততই দলের লাভ। ভোট যেন স্লো না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোথাও দীর্ঘ লাইনে ভোটার দাঁড়িয়ে থাকলে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।”

আবদুস সালাম আরও বলেন, “ভোটের দিন সকালে ফজরের নামাজের পর সবাইকে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। রিপ্লেসমেন্ট না আসা পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। খাবার দেরিতে হলেও সমস্যা নেই, কিন্তু কেন্দ্র ছাড়া যাবে না।”

তিনি জানান, পুলিং এজেন্টদের জন্য নির্ধারিত ফর্ম ও বক্স নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোনার সময় নিজের কাছে সংরক্ষিত নম্বরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এতে কোনো গরমিল হলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে।

দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কোনো কেন্দ্র বা থানায় দায়িত্বে অবহেলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দায়িত্ব নিতে না পারলে আগেই জানাতে হবে। বিএনপিতে দায়িত্বশীল মানুষের অভাব নেই।”

আবদুস সালাম বলেন, “এটি চেয়ারম্যানের নির্বাচন। এখানে কোনো সুপারিশের সুযোগ নেই। সবাইকে যার যার দায়িত্ব শতভাগ পালন করতে হবে। আমাদের পিছনে যাওয়ার কোনো পথ নেই, সামনে এগিয়ে জিততেই হবে।”

তিনি বলেন, “জনগণ এখন প্রস্তুত। ধানের শীষ ছাড়া বিকল্প নেই—এ কথা জনগণ বুঝে গেছে। এখন মাঠে থাকা ধান কেটে ঘরে তোলার দায়িত্ব আপনাদের। ইনশাল্লাহ, সবাই একসঙ্গে কাজ করলে বিজয় নিশ্চিত হবে।”

শীষনিউজ