Image description

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, আসনের ভোট গ্রহণ স্থগিত করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি আছে, কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য স্ট্রাইকিং ফোর্স রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আগের নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন তিনি।

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ। কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স, এ তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্য ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য কাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার থাকবে।

এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে জানিয়ে বাহারুল আলম বলেন,৯০ ভাগ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার পাশাপাশি ড্রোন ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭ সহিংস ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। অন্তত ৬০৩ জন আহত হয়েছেন।