ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সত্য তুলে ধরার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সত্য যতই নির্মম হোক আমরা সেটাই তুলে ধরব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্যকে আপনারা জানান। সত্যকে আপনারা ধারণ ও লালন করেন; এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।
ইসি সচিব বলেন, আমরা তথ্য সরবরাহ করব আপনারা সেটার ব্যাখা দেবেন। আমরা অপতথ্য-অপপ্রচার থেকে বিরত থাকব। যেটা সত্য সেটাই বলব। সত্য যতই নির্মম কঠিন হোক না কেন, আমরা সেটাই বলব; অসুবিধা নেই তো। সত্য সত্যই।
ভোটের প্রস্তুতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ২৯৯টি আসনে ভোট হবে। সব আসনে ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচনি উপকরণ চলে গেছে। পর্যায়ক্রমে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারদের কাছে চলে যাচ্ছে। ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেটা সম্পন্ন হয়েছে।
এখন আমরা মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছি জানিয়ে তিনি বলেন, ১২ তারিখ সকাল সাড়ে ৭টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তকারী সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভসূচনা হবে। সে সময় পর্যন্তই আমরা অপেক্ষ করব।
নির্বাচন ও গণভোট একসঙ্গে করা ‘চ্যালেঞ্জ’ উল্লেখ করে ইসি সচিব বলেন, এই জায়গায় আসাটা খুব সহজ ছিল না। তবে একটু একটু করে ধাপে ধাপে এটাকে পার আসতে পেরেছি।
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি আরও বলেন, ব্যালট পেপারের কাঠামোগত কারণে রিটার্নিং অফিসারের কাছে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসতে একটু বেশি সময় লাগবে। তবে চেষ্টা করা হবে এটা যেন দীর্ঘায়িত না হয়।
নির্বাচন উপলক্ষে ১৯টি দেশ থেকে ৫৪০ জন সাংবাদিক ও পর্যবেক্ষক এসেছেন।