Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের বাকি মাত্র তিন দিন। শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছে বিএনপি। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে তৃণমূলে নির্দেশনা থাকছে।

ভোটের দিন পোলিং এজেন্টসহ দায়িত্বপ্রাপ্তদের করণীয় কী হবে তার পূর্ণাঙ্গ নির্দেশনা বিএনপির কেন্দ্র থেকে ২৯৯ আসনে পাঠানো হচ্ছে।

দু-এক দিনের মধ্যেই দলের সব প্রার্থীর হাতে পৌঁছে যাবে সেই নির্দেশনা। গতকাল রবিবার বিকেলে এসব তথ্য জানা গেছে।

দলীয় সূত্র জানায়, চার মাস আগে থেকে দলীয়ভাবে নির্বাচনী কাজে যাঁরা দায়িত্ব পালন করবেন তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। নির্বাচনের সময় আচরণবিধি, ভোট কারচুপিসহ নির্বাচনসংক্রান্ত সব ইস্যু নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা কালের কণ্ঠকে বলেন, ‘ভোট নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি একটি সুষ্ঠু ভোটের জন্য দলগতভাবে যত রকম সতর্কতা অবলম্বন করতে হয়, তার সবটুকুই করার চেষ্টা করবে। কেন্দ্র থেকে তৃণমূলে সব প্রার্থীর কাছে এর পূর্ণাঙ্গ নির্দেশনা পাঠানো হচ্ছে।’

জানা গেছে, নারী ভোটারদের ক্ষেত্রে খুবই সতর্ক পদক্ষেপ নেওয়া হবে।

কোনোভাবেই যেন নারী ভোটাররা নিরুৎসাহ না হন সেদিকে খেয়াল রাখতে হবে। জাল ভোট ঠেকাতে নারী ভোটকেন্দ্রে বাড়তি দৃষ্টি দেওয়ার জন্য নারী পোলিং এজেন্টদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রের জন্য দলের দায়িত্বপ্রাপ্তরা ভোটের হিসাব রাখবেন। করা হবে আসনভিত্তিক মনিটরিং।

জানতে চাইলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালের কণ্ঠকে বলেন, ‘হজের সময় হিজাব সরিয়ে ছবি তুলতে হয় এবং এনআইডি করার সময় হিজাব সরিয়ে মুখ ও মাথা দেখিয়ে ছবি তুলতে হয়, একই পদ্ধতি অবলম্বন করে ভোট দিতে সমস্যা  কোথায়? তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করতে।

কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগের দিন পর্যন্ত বলে গেছেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা ও শান্তি দিয়ে দেশেকে এগিয়ে নিয়ে যেতে হবে।