Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে। বর্তমানে এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক না হওয়ার কারণে লন্ডন ছাড়া অন্য কোনো রুটের বিমান ওঠানামা করে না। মাঝেমধ্যে মধ্যপ্রাচ্যের দেশ থেকে দু-একটা বিমান সিলেট হয়ে ঢাকা যায়। অথচ আমাদের বিপুলসংখ্যক মানুষ ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে আছেন।

 

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র স্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘সিলেটিরা মুক্তিযুদ্ধের পর দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছেন। আমরা ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ফ্লাইট আবার সিলেটে চালু করা হবে।’

 

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১২ তারিখের ভোট হবে বাংলাদেশ পরিবর্তনের ভোট। এটি চব্বিশের যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। এই ভোটের সঙ্গে গণভোট বা ‘‘হ্যাঁ’’ ভোট জয়যুক্ত হলে আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ পাব। গণভোট হলো বাংলাদেশকে বদলে দেয়ার ভোট, নতুন বাংলাদেশের জন্মের ভোট। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী।’

 

 

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমি চায়ের রাজধানী মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছি। চা শ্রমিকদের ভুলে গেলে আমি নিজেকেই ভুলে যাব। আমি তাদের জন্য দুটি বিষয় নিশ্চিত করব; একটি স্বাস্থ্য ও অন্যটি সুশিক্ষা। আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে। আমরা চাই, একজন শ্রমিক ভাই বা বোনের মেধাবী সন্তান হলে রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে এবং সে একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।’

 

প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 

 

 

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অনেকে বিদেশে যান। সেখানে কোনো প্রবাসী ভাই মারা গেলে মরদেহ আনা নিয়ে ধস্তাধস্তি শুরু হয়, আমরা এটা চাই না। আমরা চাই, রাষ্ট্র নিজ দায়িত্বে এই মরদেহগুলো সম্মানের সঙ্গে বাংলাদেশে নিয়ে আসবে। এছাড়া কোনো শ্রমিক প্রবাসে মারা গেলে তার পরিবার যেন অসহায় হয়ে না পড়ে, সরকার সেই দায়িত্ব নেবে। দেশে চুরি এবং চাঁদাবাজি বন্ধ হলে এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা সম্ভব।

 

 

সমাবেশে তিনি আরও বলেন, ‘আমরা পাহাড়ি, সমতল, নিম্নাঞ্চল এবং সকল জাতি, বর্ণ ও শ্রেণির মানুষদের নিয়ে একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। একটি শ্রেণি সম্পদের পাহাড় গড়বে, আরেকটি শ্রেণি অনাহারে থাকবে; এটা আমরা হতে দেব না।’

  

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলীর পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শরিফ মাহমুদ।

 

অন্যদের মধ্যে বক্তব্য দেন: মৌলভীবাজার-১ সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, সিলেট মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, বাংলাদেশ লেবার পার্টির জেলা সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপির জেলা যুগ্ম সচিব শাহ আলম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমদ, জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন বাবলু, ফুলতলা বাগানের পঞ্চায়েত সভাপতি হর গোবিন্দ, সিংগুর পানপুঞ্জির মন্ত্রী জামিন ধর প্রমুখ।

 

জনসভায় প্রধান অতিথি মৌলভীবাজার-১ আসনের প্রার্থী আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাহেদ আলীর হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন। উন্মুক্ত মাঠে বিশাল এ নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো প্রায় পাঁচ হাজার নারী উপস্থিত ছিলেন।