Image description

সাভার-আশুলিয়া ঢাকা-১৯ নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ ৫ই আগস্টের পর নতুন কোনো ফ্যাসিস্টের আবির্ভাব দেখতে চায় না। যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, নতুন করে জমি দখল শুরু করেছে, নতুন করে মানুষকে নির্যাতন করছে, পাথর মেরে মানুষকে হত্যা করছে, তারা আইনত জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। গতকাল দুপুরে সাভারে ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, বাংলাদেশের নিয়ন্ত্রণ করবে এদেশের জনগণ। দিল্লির তাঁবেদারি যারা করে এসেছে এবং নতুন করে দিল্লির তাঁবেদারি যারা করতে চায় তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি, আবারো জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আজাদি এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একবিন্দুও ছাড় দেবো না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, শরীফ ওসমান হাদির বিচারের প্রশ্নে আমরা একবিন্দু পরিমাণ ছাড় দেবো না। শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা- এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছে, শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে যাতে কোনো ধরনের অসম্মান করা না হয় এবং অতিসত্বর এই বিচারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান।

বিভিন্ন যায়গায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, আমরা দেখছি শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায় পুরনো কায়দায়, ফ্যাসিস্টদের কায়দায়, তাদের রুখে দেয়ার দিন হচ্ছে আগামী ১২ই ফেব্রুয়ারি। নাহিদ বলেন, যার দেশ সম্পর্কে কোনো ধারণা নেই, যিনি ১৬-১৭ বছর বিদেশে ছিলেন, যিনি জনগণ থেকে বিচ্ছিন্ন- তার দেশ নিয়ে কী প্ল্যান রয়েছে সেটি জনগণ বুঝে গেছে। আমরা বাংলাদেশের মানুষকে আর কোনো প্রতারক, আর কোনো বেইমানদের কাছে দেশের ক্ষমতা দেশের দায়িত্ব দিতে চাই না। বাংলাদেশের মানুষ এখন নতুনদের সুযোগ দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, ৫ই আগস্টের পর থেকে আপনারা বাংলাদেশে যা করেছেন সেটাই যথেষ্ট আপনাদের বিরুদ্ধে ভোট দেয়ার। কথা দিচ্ছি যদি আমাদের বিরুদ্ধেও ভোট দেন, আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা জীবন দিয়ে দিবো ইনশাআল্লাহ। আপনারা ভোটকেন্দ্রে আসবেন, ভোট দিবেন। কিন্তু কেউ যদি ভোট চুরির চেষ্টা করে, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি এরকম কোনো চেষ্টা করা হলে আরেকটি ৫ই আগস্টের বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। জনসভায় ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের এমপি প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, রাজনীতি বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টারসহ স্থানীয় জামায়াত ও এনসিপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।