Image description

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ২০টি মোটরসাইকেল ও দুটি খাবারের দোকান। পরিস্থিতির কারণে প্রায় ৪৫ মিনিট পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকে। গতকাল ভোরে জাজিরা উপজেলার বিকেনগর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, আওয়ামী লীগ কর্মী নিজামউদ্দিন মৃধা (৪০) ও যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহি (৩০।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার রাত থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পাবনায় থানায় হামলা ও বাস ভাঙচুর, জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলা, দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু রাখা, চট্টগ্রামে ট্রেনে আগুন, সাভারে দুটি বাসে অগ্নিসংযোগ, খুলনায় তিন স্থানে পেট্রোলবোমা নিক্ষেপ, কক্সবাজারে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ের আশপাশে বিস্ফোরণ এবং বিভিন্ন জেলায় সরকারি স্থাপনায় হামলা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া রাজশাহীতে নগর ভবনে ককটেল বিস্ফোরণ ও ভূমি অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ, মতলবে বিএনপির কার্যালয়ে এবং গাজীপুরে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে নাশকতাকারীরা। এসব ঘটনায় কয়েকটি পথে বাস ও ট্রেন চলাচল ব্যাহত হয়। পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস চলাচল শনিবার রাত থেকে প্রায় বন্ধ আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কারণে পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস চালানোর জন্য ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দাবি করেছেন পরিবহন মালিক শ্রমিকরা।

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গতকাল সকালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নিজামউদ্দিন ও ইব্রাহিম নিহত হন। নিজামউদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের কর্মী হিসেবে পরিচিত। অপরদিকে ইব্রাহিম শরীয়তপুর সদরের সোনামুখী এলাকার হাফিজউদ্দিন সিপাহীর ছেলে। তিনি এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। তবে নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন মিরাজ জানিয়েছেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়েছেন তারা। জানা গেছে, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। সেখানে বিএনপির নেতা-কর্মীরাও ছিলেন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি হয়। পরে বিএনপির অবস্থানস্থলে ভাঙচুর চালানো হয়। অন্তত ২০টি মোটরসাইকেল, ফুড এক্সপ্রেস নামে একটি রেস্টুরেন্ট ও পাশের আরেকটি খাবারের দোকানে আগুন দেওয়া হয়। এক্সপ্রেসওয়ের ওপর আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। জাজিরায় সংঘর্ষ ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের কারণে পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরিবহনমালিক ও শ্রমিকদের হিসাবে, এ পথে প্রতিদিন প্রায় দেড় হাজার বাস চলাচল করে। গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়াপাড়া ও খুলনা জিরো পয়েন্ট- এই ছয়টি স্থানকে ঝুঁকিপূর্ণ মনে করেন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত মোংলা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় পদ্মা সেতু হয়ে ১৭ জেলার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এতে মোংলা বন্দরের পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানিয়েছেন, পণ্যবাহী যানবাহন খুলনা-যশোর হয়ে আরিচা ফেরি পার হয়ে চলাচল করছে।

মাদারীপুরের টেকেরহাটে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গতকাল দুপুর ২টায় যান চলাচল স্বাভাবিক হয়। বরিশাল থেকে দূরপাল্লার বাসও বন্ধ রাখেন পরিবহন মালিকেরা।

জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে দেওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকে। মেরামতের পর চলাচল স্বাভাবিক হয়। দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর রেলস্টেশনের কাছে রেললাইনে টায়ার জ্বালিয়ে রাখায় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেসের চালক ট্রেন থামিয়ে দেন। পরে আগুন নেভানো হলে ট্রেনটি যাত্রা শুরু করে। একই রাতে বিরলের কাঞ্চন রেলজংশনে আগুন জ্বালিয়ে লাল পতাকা টানিয়ে দুটি বোমাসদৃশ বস্তু রাখা হয়। চট্টগ্রামের কদমতলী এলাকায় ঢাকাগামী মেইল ট্রেনের একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি আসনে আগুন দেওয়া হয়।

সাভারের আশুলিয়ার কোহিনুর গেট বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে এবং বলিয়ারপুরে পার্কিং করা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খুলনার খানজাহান আলী থানা এলাকায় গ্রামীণ ব্যাংকের আটরা-গিলাতলা শাখা, বিআরটিসি বাস ডিপো ও একটি ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন লাগলেও বড় ক্ষতি হয়নি।

নোয়াখালীর চৌমুহনীতে যাত্রীবিহীন একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুল কবির বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন।

পাবনার বেড়া মডেল থানায় ভোর চারটায় মশাল মিছিল থেকে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশে সড়কে আগুন দেওয়া হয় এবং পাবনা-ঢাকা রুটের আল-হামরা পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। এর আগে মহিলা আওয়ামী লীগের চার কর্মী গ্রেপ্তারের জেরে এ হামলা হয়েছে বলে জানা গেছে। একই রাতে পাবনা শহরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করা হয়। এতে ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন আহত হন। এ ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করে ডিবি পুলিশের কাছে দেওয়া হয়েছে।

কক্সবাজার শহরে আরআরআরসি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কার্যালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে অন্তত ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের ইউএনওর বাসভবনের সামনে এবং মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটে। ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নড়াইল প্রেস ক্লাব ও রূপগঞ্জ বাধাঘাট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ এবং দুর্গাপুর সাব-রেজিস্ট্রি এলাকা থেকে আরেকটি ককটেল জব্দ করা হয়।

ফেনীতে এক রাতে দাগনভূঞার একটি মহিলা মাদ্রাসা, সোনাগাজীর সাব-রেজিস্ট্রি অফিস, জেলা নির্বাচন অফিসের ফটক ও পোস্ট অফিসের পেছনের কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজবাড়ীর পাংশায় সরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা হয়। পুলিশ সুপার মীর মনির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মেহেরপুরে পুলিশ সুপারের বাংলো, জেলা কারাগার, সার্কিট হাউস ও কমিউনিটি সেন্টারের সামনে থেকে চারটি বোমাসদৃশ বস্তু জব্দ করা হয়েছে।  রাজশাহী নগর ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে এসে এ ঘটনা ঘটায়। একই রাতে পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাবইরকান্দি এলাকায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে কার্যালয়টির একাংশ পুড়ে গেছে। চলতি নভেম্বর মাসে উপজেলায় বিএনপির তিনটি দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর সংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ছয় দিন আগে (২৩ নভেম্বর) আদালত চত্বর থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের পর একই জায়গায় দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন শরীয়তপুর, বাগেরহাট, বরিশাল, কক্সবাজার, দিনাজপুর, ঝিনাইদহ, চট্টগ্রাম, পাবনা, রাজবাড়ী, রাজশাহী, গোপালগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর, নড়াইল, কুমিল্লা, খুলনা, বগুড়া, সাভার, ফেনী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, মাদারীপুর ও নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।]