Image description

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে নতুন করে মতবিরোধ দেখা দিয়েছে। ঐক্য এখন শর্তে ঘুরপাক খাচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা নিয়ে দূরত্ব ক্রমেই স্পষ্ট হচ্ছে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্যের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো।

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের কথা বলছে বিএনপি। তবে ঐক্য নিয়ে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো। রাজনৈতিক ঐক্যের পথে বিএনপি’র কার্যক্রমকেই প্রধান বাধা হিসেবে দেখছে তারা।

ওদিকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাকে সংলাপে সাড়া দিতে প্রস্তুত জামায়াত। এ ক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। তারা প্রধানমন্ত্রীর দপ্তরের বদলে অন্য কোনো স্থানে সংলাপে বসতে চায়। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয় ১১ দলীয় ঐক্য বা জোটগতভাবে আলোচনায় বসতে চায় দলটি। এই প্রস্তাবে সরকার ইতিবাচক বলে জানা গেছে।

গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদের অবসান ঘটলেও, আন্দোলনের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এখন ঐক্যের প্রশ্নেই দেখা দিচ্ছে টানাপড়েন। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলগুলোর অবস্থান এক জায়গায় মিলছে না। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক আস্থার সংকট তৈরি হচ্ছে কি না, সেই প্রশ্নও সামনে আসছে। জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন যারা করছে, তাদের সঙ্গে ‘আঁতাত’ বাদ দিয়ে সরকারকে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে বলছে জামায়াত। এ বিষয়ে দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেন, স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখায় বিভিন্ন স্থানে বিএনপি’র অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে। স্বৈরাচারের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেয়া হচ্ছে। তাদের সঙ্গে নিয়ে নিজ দলীয় কার্যালয় উদ্বোধন করা হচ্ছে। এই দ্বিমুখী নীতি থেকে সরকার যদি বের হয়ে না আসে, কীসের ঐক্য সরকারের সঙ্গে?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, দেশ যদি একটা সামগ্রিক সংকটের মধ্যে পড়ে, তখন আমরা দেখছি- রাজনৈতিক দলগুলোর মতৈক্য গড়ে ওঠে। সারা দেশে শেখ হাসিনা যে উৎপাতগুলো করছেন, আগুন সন্ত্রাস, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছেন এবং মানুষ হত্যা করছেন। কোনোভাবে যদি আবার ফ্যাসিবাদের উত্থান ঘটে, তাহলে কেউ রেহাই পাবেন না। আর ঐক্যে নিয়ে সংশয় নেই। আমি মনে করি, এ ব্যাপারে সবাই কাণ্ডজ্ঞানের পরিচয় দেবেন।

গতকাল এক বিক্ষোভ মিছিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখন তারা (বিএনপি) আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ এখন তাদের আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে গিয়েছে। তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে। গত আট মাস এই জাতীয় ঐক্য কোথায় ছিল? ৫ই আগস্টের পর এই জাতীয় ঐক্য কোথায় ছিল?

সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ প্রসঙ্গে গতকাল এক আলোচনা সভায় তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, জাতীয় ঐক্য সরকার নষ্ট করেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ দেশে কোনো জাতীয় ঐক্য হবে না। এ দু’টি মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য সভা বা বৈঠকের প্রয়োজন হবে না।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম মানবজমিনকে বলেন, ২০২৪ সালে যে কারণে ঐক্য হয়েছে, সেই ঐক্যের পক্ষগুলো এখনো ক্রিয়াশীল। আমরা ২০২৪ সালে ঐক্যের যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতি দিলে সেই ঐক্য বজায় থাকবে। সেই অঙ্গীকার হলো জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার কার্যক্রম। আর সংস্কার বাস্তবায়ন হলে সরকারের পক্ষে পুরো বাংলাদেশ থাকবে। সরকার এসব বিষয় কুক্ষিগত করার কারণেই ফ্যাসিবাদীরা আশকারা পেয়েছে। জুলাই সনদ বাস্তবায়িত হলে ফ্যাসিবাদীরা এই আশকারা পেতো না।
আবদুল হালিম বলেন, সরকার এখন জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছে। আমরা ঐক্যে বিশ্বাসী। সরকারও যদি ঐক্যে বিশ্বাসী হয়, তাহলে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে ভাগ করলো কে? সরকারই তো ভাগ করেছে। আর সরকার এই বিভাজন তৈরি করেছে নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের বিষয়টি নিয়ে। অথচ এটি তো জুলাইয়ের অঙ্গীকারেরই অংশ। এখন বলা হচ্ছে, আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি। কিন্তু নোট অব ডিসেন্ট দিলেও ঐকমত্য কমিশনে বিএনপি ছাড়া অন্যান্য দলগুলো এ বিষয়ে একমত হয়েছিল। আর আমরা ১১ দলীয় ঐক্য একসঙ্গে সরকারের সঙ্গে সংলাপে বসতে চাই একটি নিরপেক্ষ ভেন্যুতে।

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের মানবজমিনকে বলেন, সরকার যদি গণভোটের আইন মেনে নেয়, তাহলে আমরা সবাই মিলে পরিস্থিতি মোকাবিলা করতে পারবো। এমনিতেই আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। বিএনপি তাদের মতো করে করছে, আমরাও আমাদের মতো করে করছি। কিন্তু বিএনপি’র মধ্যে আন্তরিকতার লক্ষণ খুব কমই দেখা যাচ্ছে। খুলনার অবস্থা দেখেন, সেখানে পরিস্থিতি মারাত্মক। মানুষের কোনো নিরাপত্তা নেই। এরপর আজকে মাদারীপুরের পরিস্থিতি কেন্দ্র করে নতুন সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যার সমাধান করতে হলে গণভোটের রায়, জুলাই সনদ মানতে হবে। রায় মেনে নিলে বিরোধীদলগুলোকে ঐক্যবদ্ধ করা অনেক সহজ হবে।

এনসিপি’র নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মানবজমিনকে বলেন, দ্বিমুখী নীতি থেকে সরে না আসলে জাতীয় ঐক্য হবে না। গণভোটের গণরায়সহ সোশ্যাল ইস্যুগুলো বাস্তবায়ন করতে হবে। সরকারের পরবর্তী পদক্ষেপ দেখার অপেক্ষায় রয়েছি আমরা।