Image description

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ছাত্রী হল ‘শিউলি মালা’ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পেট্রোল বোমাটি হলের দেয়ালে আঘাত লেগে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি হলের পাশে আসেন। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে হল লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করেন। বোমাটি হলের দেয়ালে আঘাত লেগে বিস্ফোরিত হলে সেখানে আগুন জ্বলে ওঠে। পরে ওই ব্যক্তি মোটরসাইকেলে উঠে অপরজনসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি জানান, মোটরসাইকেলে করে দুজন এসে হলের পাশে থামেন। এ সময় কাচ ভাঙার শব্দ শুনতে পান তিনি। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে কিছু একটা নিক্ষেপ করেন। মুহূর্তেই সেখানে আগুন জ্বলে ওঠে। পরে দুজনই দ্রুত মোটরসাইকেলে করে চলে যান।

ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জনি।

তিনি বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি ত্রিশাল থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে টহল বাড়ানো হয়েছে। সামনের দিনগুলোতে আরও টহল বাড়ানো হবে।’

ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মারুফ হাসান (মামুন সরকার) ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় দোকানি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তারা। এলাকায় অপরিচিত বা সন্দেহজনক কাউকে চলাফেরা করতে দেখলে বিষয়টি তাদের জানানোর আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয়দের সতর্ক ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার অনুরোধ করেন তারা।