Image description

জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোয় কিছু পরিবর্তনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। দলের উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মজলিসে শূরা। একই সঙ্গে দলের জেলা ও মহানগর আমির নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কেন্দ্রের ন্যায় এই দুই শাখার আমির নির্বাচনেও প্যানেল গঠন করা হবে।

গত শনিবার অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে গুরুত্ব এই দুটি সিদ্ধান্ত গঠনতন্ত্রে যুক্ত করা হবে বলে জানা গেছে। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল রোববার আমার দেশকে জানান, মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রে দুটি বিষয় যুক্ত হবে। প্রথম বিষয়টি হলো-জামায়াতের একটি উপদেষ্টা পরিষদ থাকবে। এই পরিকল্পনার বিষয়ে কেন্দ্রীয় মজলিসে শূরা একমত হয়েছে। তবে এর বিস্তারিত কাঠামো ঠিক করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে শিগ্‌গিরই বিষয়টি চূড়ান্ত হবে।

তিনি আরো জানান, এখন থেকে জেলা ও মহানগর আমির নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রের ন্যায় তিন সদস্যের প্যানেল গঠনের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রুকনরা প্যানেলের যে কোনো একজন অথবা বাইরের কাউকে ভোট দিতে পারবেন । বর্তমানে জেলা ও মহানগর আমির নির্বাচনে প্যানেল ছাড়াই রুকনরা তাদের পছন্দমতো যে কাউকে ভোট দিতে পারতেন।

দলীয় সূত্র আরো জানায়, মজলিসে শূরায় রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী জাতীয় ঐক্যের বিষয়ে একমত। শূরা মনে করে, চব্বিশের যে ঐক্য ছিল, তা জুলাই সনদ ও গণভোটের রায় না মানার কারণে বিভক্তি সৃষ্টি এবং ফ্যাসিবাদীরা আস্কারা পেয়েছে। তাই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন।

উল্লেখ্য, মজলিসে শূরায় গৃহীত ৬ দফা প্রস্তাবের মধ্যেও অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের কথা বলা হয়েছে।