Image description

কুষ্টিয়ার জুগিয়ায় বালু ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষে জামায়াতের ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুগিয়া এলাকার নজরুল, শরিফুল, রফিকুল, ইউনুস ও লাল মিয়া। তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুগিয়া ভাটাপাড়া ঘাটে বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের কাছ থেকে ঘাটটির মালিকানা পরিবর্তনের পর কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু সেটির দায়িত্ব নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর সেখানে বালু উত্তোলন শুরু হয়।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এশিয়া পোস্ট
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

অভিযোগ রয়েছে, নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত বালু উত্তোলনের কারণে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির পাশাপাশি সামাজিক পরিবেশও বিঘ্নিত হয়। এর প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসী সংশ্লিষ্ট সড়কটি বন্ধ করে দেন।

স্থানীয় জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, এ ঘটনার জের ধরে বুধবার রাতে দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা চালায়। তিনি জামায়াতে ইসলামীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও শহর শাখার ইউনিট সদস্য। হামলাকারীরা তার বাসভবন, কার্যালয় ও সামনের দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

একই সময় ১৫ নম্বর ওয়ার্ড জামায়াত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় শাজাহান আলীসহ জামায়াতের ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হন।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনিসহ জেলা পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে

 

স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এশিয়া পোস্টকে বলেন, ‘বালু নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পতিত ফ্যাসিস্টের দোসরদের সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আমাদের সমর্থকদের কুপিয়ে আহত করেছে। এ সময় কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে।’

অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি এশিয়া পোস্টকে বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। কারা এ হামলা চালিয়েছে, এ বিষয়ে কিছুই জানি না।’

শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এশিয়া পোস্টকে বলেন, জুগিয়ায় বালু ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।