Image description

লাগাতার আন্দোলন বিক্ষোভের মুখে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে শ্রমিকদের আয় বাড়লেও নতুন মজুরিকাঠামোর বাড়তি ব্যয় সামলানো এখন তৈরি পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে শ্রমিকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প দেখছেন না উদ্যোক্তারা। তারা বলছেন, শ্রমিকদের দক্ষতা ৬০ শতাংশে উন্নীত করলে শ্রমব্যয় কমে প্রতিযোগী দেশ ভিয়েতনামের কাছাকাছি আসবে। এতে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। অর্থনীতিবিদদের পরামর্শ, বাড়তি উৎপাদন খরচ সমন্বয়ে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দরকষাকষি করে পোশাকের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াতে হবে।

শ্রমিক নেতারা চাইছেন নতুন মজুরি দ্রুত বাস্তবায়ন। মজুরি বৃদ্ধির দাবিতে গতমাসে আন্দোলন শুরু করে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। শ্রমিকদের দাবির মুখে সরকার গত পহেলা নভেম্বর মজুরি বোর্ড গঠন করে। সরকার, মালিক ও শ্রমিক- সবপক্ষের প্রতিনিধি নিয়ে চার দফা বৈঠক করে মজুরি বোর্ড। সর্বশেষ ২৪ নভেম্বর রাতভর আলোচনার পর অবশেষে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা পহেলা ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

নতুন মজুরি কাঠামোর ভিত্তিতে বিজিএমইএর তৈরি এক বিশ্লেষণে দেখা গেছে, ১৫ মিনিটের একটি পোশাক তৈরিতে বাংলাদেশের সরাসরি শ্রমব্যয় ৪১ দশমিক ৬ সেন্ট। একই পোশাক তৈরিতে ভিয়েতনামে ব্যয় ৩১ দশমিক ৪ সেন্ট, ভারতে ৩৭ দশমিক ৮ সেন্ট এবং পাকিস্তানে ৩৬ দশমিক ৪ সেন্ট। অন্যদিকে কম্বোডিয়ায় এ ব্যয় ৬২ দশমিক ৪ সেন্ট এবং চীনে ৫৪ দশমিক ২ সেন্ট। তবে উৎপাদন লাইনের দক্ষতা ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশে নেওয়া সম্ভব হলে বাংলাদেশে প্রতি পিস পোশাকের সরাসরি শ্রমব্যয় কমে ৩১ দশমিক ২ সেন্টে নেমে আসবে। তখন ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের শ্রমব্যয়ের ব্যবধান প্রায় থাকবে না।

এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি অন কমপ্লায়েন্সের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামানের বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের পোশাক উৎপাদন লাইনের গড় দক্ষতা ৪৫ শতাংশ। ভারতে ৫৪ শতাংশ, পাকিস্তানে ৫১ দশমিক ৫ শতাংশ, ভিয়েতনামে ৬৫ শতাংশ, কম্বোডিয়ায় ৪৫ শতাংশ এবং চীনে ৭০ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির পাশাপাশি উৎপাদন লাইনের দক্ষতায় পিছিয়ে থাকায় বাংলাদেশের শ্রমব্যয় প্রতিযোগী কয়েকটি দেশের তুলনায় বেশি হচ্ছে।

নতুন মজুরি কাঠামোয় চার গ্রেডে মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা। সর্বনিম্ন মজুরি আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

বিশ্লেষণে মাসে ২০৮ কর্মঘণ্টা এবং ডলারপ্রতি ১২৪ টাকা ৬০ পয়সা বিনিময় হার ধরে শ্রমব্যয় হিসাব করা হয়েছে। এতে ১৫ মিনিটের স্ট্যান্ডার্ড মেশিন সময়, ঘণ্টাপ্রতি মজুরি ও উৎপাদন লাইনের দক্ষতা বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান অর্থনীতিবিদ এম এ রাজ্জাক বলেন, ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ফলে উৎপাদন খরচ যে পরিমাণ বাড়বে, তা সামাল দিতে পোশাকের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়ানো প্রয়োজন। এই হিসাবের ভিত্তিতে মালিকদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দরকষাকষি করা উচিত। তবে শুধু একটি শিল্পকে কেন্দ্র করে দেশের সব অর্থনৈতিক নীতি প্রণয়ন করা হলে অন্যান্য রপ্তানিমুখী খাতের বিকাশ নিরুৎসাহিত হতে পারে।

বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, কাগজে-কলমে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা হলেও হাজিরা বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের মাসিক আয় প্রায় ২৫ হাজার টাকায় পৌঁছায়। নতুন মজুরি কাঠামোর ফলে বাংলাদেশের বেতনকাঠামো ভিয়েতনামসহ প্রতিযোগী দেশগুলোর কাছাকাছি চলে এসেছে। কিন্তু এসব দেশের উদ্যোক্তারা যে ধরনের অবকাঠামোগত ও নীতিগত সুবিধা পান, বাংলাদেশের উদ্যোক্তারা তা পাচ্ছেন না।

চতুর্থ গ্রেডে মূলত অদক্ষ শিক্ষানবিস বা হেলপার হিসেবে কর্মজীবন শুরু করা তরুণ শ্রমিকরা রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ গ্রেডে যোগ দেওয়া অধিকাংশ শ্রমিকের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের অনেকেই পরিবারের প্রধান উপার্জনকারী নন। তাই শুধু সর্বনিম্ন গ্রেডের মজুরি দিয়ে পুরো শিল্পের শ্রমব্যয়ের বাস্তবতা বিচার করা ঠিক হবে না।

অন্যদিকে নতুন মজুরি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, ২০২৩ সালে পাঁচ বছর পর পোশাকশ্রমিকদের মজুরি ৪ হাজার ৫০০ টাকা বাড়ানো হয়েছিল। এবার তিন বছর পর মজুরি পুনর্নির্ধারণ হয়েছে। শ্রমিকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও আগের তুলনায় মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

তিনি বলেন, এখন শ্রমিকদের কাজে ফিরে যাওয়া উচিত। কোনো কারখানায় মজুরি বা অন্য কোনো সমস্যা থাকলে মালিক-শ্রমিক দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। মালিকপক্ষ সাড়া না দিলে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে গণতান্ত্রিক ও সাংগঠনিকভাবে দাবি আদায়ের চেষ্টা করা যেতে পারে।

শ্রমিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, হয়রানি ও ছাঁটাই বন্ধের দাবিও জানান বাবুল আখতার। তিনি বলেন, এসব বন্ধ, মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবিতে মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে দুটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ করার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। আন্দোলনের নামে ভাঙচুর ও সহিংসতার বিষয়ে তিনি বলেন, কোনো শ্রমিক সংগঠন এসব কর্মকাণ্ডের নির্দেশ দেয়নি। কেউ প্ররোচনায় এ ধরনের অপরাধে জড়িত হলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিয়েছেন তাঁরা।

প্রণোদনা ও নীতিসহায়তায় পিছিয়ে থাকার অভিযোগ : শ্রমব্যয়ের পাশাপাশি উৎপাদনের সামগ্রিক ব্যয় ও সরকারি নীতিসহায়তাও আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশসহ প্রতিযোগী দেশগুলো পোশাকশিল্পে করছাড়, রপ্তানি প্রণোদনা, শুল্ক সুবিধা, সহজ অর্থায়ন ও শ্রমিক কল্যাণমূলক সহায়তা দিয়ে থাকে। তবে এসব সুবিধার ধরন ও পরিমাণে পার্থক্য রয়েছে।

বাংলাদেশে স্থানীয় ফেব্রিক ও সুতা ব্যবহারে ১ দশমিক ৫ শতাংশ এবং যোগ্য স্থানীয় সুতার ক্ষেত্রে ৫ শতাংশ সুবিধা, নতুন বাজারে রপ্তানিতে ২ শতাংশ প্রণোদনা, বন্ডেড ওয়্যারহাউস ও করপোরেট কর সুবিধা রয়েছে। শ্রমিকদের জন্য টিসিবির ভর্তুকিমূল্যের খাদ্য, কেন্দ্রীয় তহবিলের সহায়তা এবং কারখানার অর্থায়নে খাবার, পরিবহন ও বোনাসের ব্যবস্থাও রয়েছে।

ভারতে উৎপাদন-সংযুক্ত প্রণোদনা, যন্ত্রপাতি ও বিদ্যুৎ সুবিধা এবং শ্রমিকদের আবাসন ও রেশন সহায়তা রয়েছে। পাকিস্তানে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি, ডিউটি ড্রব্যাক ও সহজ অর্থায়নের পাশাপাশি পেনশন, স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা দেওয়া হয়। ভিয়েতনামে কর অবকাশ, আমদানি শুল্কছাড় ও সামাজিক বিমার সুবিধা রয়েছে। কম্বোডিয়ায় কর অবকাশ ও শ্রমিক কল্যাণ সুবিধা এবং চীনে রপ্তানি ভ্যাট রেয়াত, স্থানীয় অনুদান ও সামাজিক বিমার ব্যবস্থা রয়েছে।

বিশ্লেষণে বলা হয়েছে, প্রকৃত উৎপাদন ব্যয় ও মুনাফা নির্ধারণে শুধু মজুরি বিবেচনা করলে হবে না। এর সঙ্গে রপ্তানি মূল্য, কাঁচামাল আমদানির শুল্ক, অর্থায়ন ব্যয়, সরকারি প্রণোদনা এবং নিয়োগকর্তার অতিরিক্ত ব্যয়ও হিসাব করতে হবে।

সব মিলিয়ে নতুন মজুরি কাঠামো পোশাকশিল্পের সামনে দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা। এজন্য প্রযুক্তির ব্যবহার, শ্রমিকদের বহুমুখী দক্ষতা বৃদ্ধি, আধুনিক উৎপাদন ব্যবস্থাপনা এবং উৎপাদন লাইনের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে হবে। অন্যথায় বাড়তি শ্রমব্যয় রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে চাপে ফেলতে পারে।