Image description
পুলিশ কর্মকর্তা-রায়হানের কথোপকথন ভাইরাল

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের গুলির পর নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া ফোনালাপের অডিও ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। কথোপকথনে আত্মসমর্পণ করতে আগ্রহী চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম। তবে আত্মসমর্পণের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা তার। ক্ষমতার পালাবদলের সঙ্গে নতুন নতুন মামলায় জড়িয়ে পড়ার ভয়ও রয়েছে তার মধ্যে। এ অবস্থায় তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তার সঙ্গে রায়হানের ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে তারেক আজিজকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানাতে এবং রায়হানকে নিজের শঙ্কার কথা তুলে ধরতে শোনা যায়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে পুলিশ কর্মকর্তা তারেক আজিজের সঙ্গে কথা বলে ভালো লাগার কথা জানিয়েছেন রায়হান। সেখানে তিনি লিখেছেন, ‘স্যার আমি আগের থেকে সুন্দর হয়ে গেছি, স্যার কিন্তু ভালো মনের মানুষ। উনার সঙ্গে কথা বলে একটু ভালো লাগছে, দেখা যাক উনার হাত ধরে ভেতরে গিয়ে ভালো হয়ে যাবো।’
ফোনালাপে তারেক আজিজ রায়হানকে বলেন, আত্মসমর্পণ করলে তার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বর্তমানে যেসব মামলা রয়েছে, সেগুলোর বাইরে নতুন করে অপ্রয়োজনীয় কোনো মামলায় জড়ানো হবে না।

এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারি, আপনাকে কিছু করবো না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’ জবাবে রায়হান আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। তবে আগে একবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে বিপাকে পড়েছিলেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ওই উদ্যোগের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল। এবার আত্মসমর্পণ করলেও দীর্ঘদিন কারাগারে থাকতে হতে পারে বলে আশঙ্কা রায়হানের। ফোনালাপে তিনি বলেন, ‘এখন ঢুকলে ভাই, বাইরাতে তো পারবো না। আট-দশ বছর আমাকে বাইর হতে দেবে না কেউ। বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যামু?’

জবাবে তারেক আজিজ তাকে আশ্বস্ত করে বলেন, বিদ্যমান মামলাগুলোর বাইরে নতুন কোনো মামলায় জড়ানো হবে না। একপর্যায়ে তিনি বলেন, ‘মামলাগুলো আছে, শুধু এর বাইরে আর কোনো মামলা হবে না, কথা দিলাম।’ কথোপকথনে রায়হান দাবি করেন, তিনি তখন ফটিকছড়িতে অবস্থান করছিলেন না। হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন। পুলিশের কয়েকজন সদস্য তার অবস্থানের খোঁজখবর রাখেন দাবি করে একপর্যায়ে তাকে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জও জানান তিনি।

অন্যদিকে তারেক আজিজ তাকে সেদিনই পুলিশের কাছে আসার অনুরোধ করেন। আত্মসমর্পণের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে জানান, তারা অপেক্ষা করছেন। তবে দূরত্বের কারণে সেদিন আসা সম্ভব নয় বলে জানান রায়হান। কথোপকথনের শেষ দিকে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ ভাই, দেখা হবে।’ ফোনালাপে ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে আহত করার ঘটনাটিও উঠে আসে। সোমবার রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য মতে, ওই এলাকায় রায়হানের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে চিনে আটকানোর চেষ্টা করলে তার সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যায়।

তবে ফোনালাপে রায়হান দাবি করেন, তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কয়েকজন তার গাড়ি আটকানোর চেষ্টা করেন। কেন তার গাড়ির সামনে ও পেছনে লোকজন অবস্থান নিয়েছিল, তা তিনি জানেন না। গুলিতে আহত ব্যক্তিদের প্রসঙ্গ তুললে পুলিশ কর্মকর্তা তাদের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন। জবাবে রায়হান বলেন, ‘আমার দ্বারা তো গরিব লোকের বা অসহায়দের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, এটা তো জানেন। তাহলে আমারে নিয়ে কেন লাগছে সবাই?’ কথোপকথনে কাদের নামে এক ব্যক্তির প্রসঙ্গও তোলেন তারেক আজিজ। ওই ব্যক্তিকে শনাক্ত করতে সহযোগিতা করতে পারবেন কি না, জানতে চাইলে রায়হান বলেন, ‘ভাই, আমি তো বেইমানি করতে পারবো না।’ পরে এ বিষয়ে সরাসরি বসে কথা বলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। ফটিকছড়িতে গুলির ঘটনার আগেও সেখানে তার অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়েছিল। তাকে ধরতে দুইদিন অভিযান চালালেও তিনি পালিয়ে যান। তারেক আজিজ আরও বলেন, ডেভিড ইমনসহ বড় বড় সন্ত্রাসীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। রায়হানকে গ্রেপ্তার করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।