কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বুধবার গাজীপুর, রংপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও খুলনায় এসব কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
বিভিন্ন সমাবেশে নেতারা আওয়ামী লীগের রাজনীতি নিয়েও কঠোর বক্তব্য দেন। তারা বলেন, দেশে আর কোনো ধরনের অরাজকতা, সন্ত্রাস ও নাশকতা মেনে নেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
গতকাল দুপুরে টঙ্গী সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট, স্টেশনরোড, আনারকলিরোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ।

তিনি বলেন, টঙ্গীতে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আওয়ামী সন্ত্রাসীদের রুখে দিতে টঙ্গী বিএনপি রাজপথে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে যতই অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করুক না কেন তাদের আপা আর দেশে আসতে পারবে না।
‘সন্ত্রাসীদের দল আওয়ামী লীগ’
আওয়ামী লীগ সন্ত্রাসী ও খুনিদের দল। এ দলকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।
গতকাল বিকেলে দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ ও ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।
বিক্ষোভ মিছিলটি পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বের হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, প্রেস ক্লাব, দাবানল মোড়, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বর গিয়ে শেষে হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মাহবুবুর রহমান বলেন, আমরা এ দেশে আর গণহত্যা দেখতে চাই না। ক্রসফায়ার, গুম, আয়না ঘর দেখতে চাই না। আওয়ামী লীগ যে কাজগুলো করেছে তাদের কখনোই রাজনৈতিক দল বলা যায় না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, হাসিনার পক্ষে দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হবে।
এ সময় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানসহ জেলা ও মহানগরের নেতারা বক্তব্য দেন।
পলাতক নেতার ফিরে আসার ইতিহাস নেই
পালিয়ে যাওয়া কোনো নেতা ফিরে আসার ইতিহাস নেই, হাসিনাও কখনো ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
গতকাল বিকেলে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে হেলাল বলেন, শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে, তবে সেটা তার বিচারের রায় কার্যকর করার জন্য, রাজনীতি করার জন্য নয়। সরকারকে বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণে এ অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
দেশজুড়ে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা।
গতকাল বিকেল চারটায় নগরীর চকবাজার বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আবদুস সাত্তার বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমনে অসন্তোষ বাড়ছে। অবিলম্বে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে জামায়াত নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সিলেটে জামায়াতের বিক্ষোভ
সরকারের ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, পুরোনো কায়দায় অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে।
গতকাল সন্ধ্যায় নগরীর আম্বরখানা পয়েন্টে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, চব্বিশের যোদ্ধাদের রক্ত এখনো টগবগ করছে। ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের উত্তরসূরিরা এখনো রাজপথে রয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা তার আহ্বানকে স্বাগত জানাই।
তিনি বলেন, দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা আর কোনোদিন ফিরতে পারবে না।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ
হাসিনার ফেরার ঘোষণার পর আওয়ামী লীগ প্রতিনিধি দলের আগরতলা সীমান্ত পরিদর্শনের খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি। গতকাল বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।
এর আগে দুপুরে আগরতলায় আসে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ৫-৭ জন জ্যেষ্ঠ নেতা এ দলে রয়েছেন।
বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে স্থলবন্দরে আসেন। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনায় জামায়াতের পথসভা
আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও পথসভা করেছে জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখা। গতকাল বিকেলে নগরীর সোনালী ব্যাংক চত্বর এলাকায় এ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতির বক্তব্যে মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, দলীয় প্রধানের পালিয়ে যাওয়ার গ্লানি ভুলতে আওয়ামী লীগ নাশকতার পথ বেছে নিয়েছে। দেড় দশক যারা জনগণের সব অধিকার কেড়ে নিয়েছিল, দেশকে নরকে পরিণত করেছিল, তাদের মোকাবেলায় সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।