কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সরকারের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এজন্য বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়তে রাজি দলটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল দুপুরে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সংলাপে অংশ নিয়ে দলের অবস্থান জানান এনসিপি নেতারা। এ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে দলমতের উর্ধ্বে উঠে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, তার সরকার নির্বাচনি ইশতেহার ও জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করবে।
অংশীজনদের সঙ্গে আলোচনা করে সব সংস্কার বাস্তবায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এ সংলাপে এনসিপির পক্ষ থেকে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি করা হয়। সেসঙ্গে সংবিধান সংস্কার কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান এনসিপি নেতারা। তারা বলেন, শুধু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধেই নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি, গঙ্গার নায্য হিস্যা আদায়ের ব্যাপারেও জোর দেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ সংলাপের প্রথম দিনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এরপর জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বসবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য গড়তে সংলাপের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক এবং এর মাধ্যমে সরকারের প্রতি জনআস্থা বাড়বে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কার নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু উপস্থিত ছিলেন।
বৈঠকে এনসিপি রাষ্ট্র সংস্কারের বিষয়ে তাদের সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরেছে। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে : ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজার রায় কার্যকরের উদ্যোগ নেওয়া। সন্ত্রাসী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা। বিদ্যমান ‘সংবিধান সংস্কার কমিটি’ বাতিল করে সব অংশীজনের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা।
গণভোটের রায় বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’-এর পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা। নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ স্বাধীন করা। ফ্যাসিবাদী শাসনামলের গুম, খুন ও দুর্নীতির বিচার দ্রুত নিষ্পত্তি করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে কর্মসূচির আয়োজন করা। এনসিপির মতে, কেবল কাগজে-কলমে নয়, বরং দৃশ্যমান আইনি কাঠামোর মাধ্যমে এসব সংস্কার নিশ্চিত করতে হবে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের উদ্দেশ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নির্বাচনি ইশতেহার ও জাতীয় জুলাই সনদের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়নের আশ্বাস দেন।
বৈঠক শেষে নাহিদ ইসলামের ব্রিফিং : বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে কথা হয়েছে। যেকোনো ধরনের ঐক্যে জুলাই, সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রধান রাখতে হবে। তাই ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে মূল অ্যাজেন্ডাভুক্ত করার সুপারিশ আমরা জানিয়েছি।’
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, তা সংস্কার প্রক্রিয়া এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছি।’
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদবিরোধী লড়াই এখনো চলমান। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও শক্তিশালী করতে না পারলে জনগণের আস্থা অর্জন ও অর্থনৈতিক বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব নয়। গত কয়েক দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর গত ৭ থেকে ৮ মাসে আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার ফলেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। দাবি বিষয়ে সরকারের অবস্থান : বৈঠক শেষে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, কোনো দলকে বাদ দিয়ে একতরফা সংস্কার চায় না সরকার; বরং সব অংশীজনের মতামত নিয়েই সরকার এগোতে চায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও স্পষ্ট করেছেন যে, বিএনপি সরকার ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়গুলো ছাড়া যেভাবে নির্বাচনি ইশতেহারে এবং জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছিল, তা শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই।” সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করাকে তিনি সংস্কার প্রক্রিয়ার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশে বর্তমানে সক্রিয় সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেছেন মাহদী আমিন। তিনি বলেন, অত্যন্ত খোলামেলা আলোচনায় জাতীয় স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, “আমরা বিশ্বাস করি যে, যেকোনো দেশে যারা পলাতক স্বৈরাচারের পতিত অপশক্তি রয়ে গেছে এবং তারা পালিয়ে গিয়েছে, সেখান থেকে কোনো ধরনের অস্থিতিশীলতা যেন বাংলাদেশে তৈরি করা না হয়। আমরা পতিত স্বৈরাচারের যে সহিংসতা ও নাশকতা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদী বিরোধী প্রতিটি শক্তি একসাথে ঐক্যবদ্ধ রয়েছে।
বৈঠকের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, “আজকে এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, আপনাদের সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে, ফ্যাসিবাদী বিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ আমাদের মত-পথ, আদর্শ-দর্শনের ঊর্ধ্ব উঠে ঐক্যবদ্ধ রয়েছে।”
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এক্ষেত্রে বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।
শর্তের মুখে সংলাপ : সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের পথ বেছে নেওয়া নিঃসন্দেহে একটি গণতান্ত্রিক ও পরিপক্ব পদক্ষেপ। কিন্তু সংলাপের টেবিলে বসার আগেই যখন শর্তের পাহাড় জমে ওঠে, তখন মূল আলোচনার পরিসর স্বাভাবিকভাবেই সংকুচিত হয়ে পড়ে। ক্ষমতাসীন ও বিরোধী-উভয় পক্ষেরই নিজস্ব রাজনৈতিক বাধ্যবাধকতা এবং জনসমর্থনের হিসাবনিকাশ থাকে। এক পক্ষ চায় দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে এনে প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে, অন্য পক্ষ চায় কাঠামোগত পরিবর্তনের নিশ্চয়তা আদায় করে নিতে। এই বিপরীতমুখী অবস্থানের কারণে সংলাপ অনেক সময় সমাধানের বদলে দরকষাকষির মঞ্চে পরিণত হয়। ইতিহাসের অভিজ্ঞতা বলে, শর্তসাপেক্ষ সংলাপ তখনই সফল হয় যখন উভয় পক্ষই খানিকটা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসে। অনড় অবস্থান বা অবিশ্বাসের দেওয়াল তুলে রাখলে সবচেয়ে ভালো উদ্যোগও ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। জনগণের প্রত্যাশা কেবল রাজনৈতিক দলগুলোর বৈঠক নয়, বরং সেই বৈঠক থেকে বেরিয়ে আসা কার্যকর সিদ্ধান্ত।
সরকারের প্রতি জনআস্থা বাড়বে : রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলগুলোর মধ্যে সংলাপের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। তবে তাঁদের মতে, কেবল আওয়ামী লীগকে ঠেকানো বা নিষিদ্ধ করার কেন্দ্রবিন্দুতে থাকলে সংলাপ পুরোপুরি সফল নাও হতে পারে; বরং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করাই হওয়া উচিত মূল অগ্রাধিকার।
জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য গড়তে যে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে, তা ইতিবাচক। এতে সরকারের প্রতি জনআস্থা বাড়বে। চলমান পরিস্থিতিতে সরকারের পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়।’
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ঐক্য ধরে রাখতে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। এক্ষেত্রে সরকারের সংলাপের ডাক দেওয়া একটি ইতিবাচক পদক্ষেপ।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আলোচনার পরিবেশ থাকা জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে দেশের গণতন্ত্রকামী নিবন্ধিত ও সক্রিয় সব দল আন্তরিকভাবে অংশ নিলে চলমান সংকট নিরসনে কার্যকর সমাধান বেরিয়ে আসবে।’