চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করা ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ও বিপুলসংখ্যক ফাঁকা সিমকার্ডবাহী জাহাজ এমভি স্টার লাইন ইন্দোনেশিয়ায় আটক হওয়ার পর পণ্যগুলোর আমদানিকারক বা মালিকের পরিচয় এখনো জানা যায়নি। মোংলা পোর্ট কাস্টমসের তথ্যভাণ্ডারেও জাহাজটির কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (আইজিএম) পাওয়া যায়নি। ফলে পণ্যগুলোর আমদানিকারক, পণ্য গ্রহণকারী প্রতিষ্ঠান কিংবা চূড়ান্ত ব্যবহারকারী কে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
মোংলা পোর্ট কাস্টমসের অ্যাডিশনাল কমিশনার মো. জাহাঙ্গীর আলম চরচাকে বলেন, “জাহাজটির নামে কাস্টমসের সিস্টেমে কোনো আগাম বা নিয়মিত আইজিএম জমা পড়েনি। জাহাজটির জন্য কোনো রোটেশন নম্বরও ইস্যু হয়নি।”
ইন্দোনেশিয়ায় রাসায়নিক ভর্তি জাহাজ আটকের খবর শোনার পর সকাল থেকে কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।
বাংলাদেশের আইন অনুযায়ী এ ধরনের বিস্ফোরক রাসায়নিক আনতে আমদানির অনুমতি ও বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন লাগে। বিশেষ করে পরিদপ্তরের ফরম-২২ এ মজুত লাইসেন্স লাগে। কিন্তু পরিদপ্তরের সহকারী পরিদর্শক ও মুখপাত্র মেহেদী ইসলাম চরচাকে বলেন, “তাদের এখতিয়ারভুক্ত ৪২টি পণ্যের মধ্যে সোডিয়াম পারক্লোরেট নেই। কাজেই বিস্ফোরক পরিদপ্তর এ বিষয়ে কিছু জানে না।”
অন্যদিকে, বিপুল পরিমাণ সিম আমদানিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথোরিটির (বিটিআরসি) সাথে যোগাযোগ করা হলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিয়ে কোনো তথ্য দিতে পারেননি।
জাহাজের মালিকের পরিচয় মিললেও পণ্যের মালিক অজানা
জাহাজ চলাচলবিষয়ক আন্তর্জাতিক তথ্যভাণ্ডারের তথ্য অনুযায়ী, কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন (IMO: 8356962) চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাচ্ছিল। জাহাজটির নিবন্ধিত মালিক হিসেবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইভারসানি লিমিটেডের নাম পাওয়া গেছে। বাণিজ্যিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ড্রিমলাইন কমোডিটিস ডিএমসিসি এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় রয়েছে হংকংভিত্তিক ফুজিয়ান সাকসেস ওশান শিপিং।
জাহাজের নিবন্ধিত মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানের পরিচয় পাওয়া গেলেও জাহাজটির পণ্যের বাংলাদেশি আমদানিকারক, কনসাইনি বা চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও পণ্যগুলোর প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য প্রকাশিত হয়নি।
পণ্যগুলোর বিল অব লেডিং, বাণিজ্যিক চালান কিংবা কার্গো ম্যানিফেস্টে কোন প্রতিষ্ঠানের নাম রয়েছে, তা এখনো প্রকাশ্যে আসেনি।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটিকে আটক করা হয়। নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা জাহাজটির অস্বাভাবিক চলাচল এবং রেডিও যোগাযোগে সাড়া না পাওয়ায় তল্লাশি চালান।
২০ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সংবাদ সম্মেলনে জানানো হয়, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া, ৫৪টি প্যালেটে বিপুলসংখ্যক অনিবন্ধিত ফাঁকা ফোর-জি এলটিই সিমকার্ড পাওয়া গেছে।
সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী অক্সিডাইজার বা জারণকারী রাসায়নিক। শিল্প কারখানায় এর ব্যবহার রয়েছে। একই সঙ্গে রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট এবং কিছু বিস্ফোরক তৈরির প্রক্রিয়ায়ও রাসায়নিকটি ব্যবহৃত হতে পারে। তবে এটি নিজে বিস্ফোরক নয়।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কোমপাসের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির নথিপত্রে মেয়াদ ও বৈধতা নিয়ে অসঙ্গতি পাওয়া গেছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজের নাবিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে পণ্যগুলোর জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়নি।
বাংলাদেশ কাস্টমসের আমদানি প্রক্রিয়াসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, আমদানি করা পণ্যের বিবরণসহ আইজিএম শিপিং এজেন্টের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কাস্টমসে জমা দিতে হয়। পণ্যের আমদানিকারক ও চালানের বিবরণ যাচাইয়ের ক্ষেত্রে আইজিএমের পাশাপাশি বিল অব লেডিং, বাণিজ্যিক চালান, প্যাকিং লিস্ট এবং ঋণপত্রের তথ্য গুরুত্বপূর্ণ।
জাতীয় রাজস্ব বোর্ডের প্রি-অ্যারাইভাল প্রসেসিং বিধিমালা, ২০২৪ অনুযায়ী, বাংলাদেশে আসা আমদানি পণ্যের ম্যানিফেস্ট জাহাজের সর্বশেষ বন্দর ত্যাগের সময় দাখিলের বিধান রয়েছে। বিধিমালায় জাহাজের ক্যাপ্টেন, শিপিং এজেন্ট বা সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানের মাধ্যমে ম্যানিফেস্ট দাখিলের কথা বলা হয়েছে।
কিন্তু এমভি স্টার লাইন বাংলাদেশে পৌঁছানোর আগেই ইন্দোনেশিয়ায় আটক হওয়ায় মোংলা কাস্টমসে এর আইজিএম জমা পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ফলে কেবল কাস্টমসের তথ্যভাণ্ডার থেকে পণ্যগুলোর মালিকানা নিশ্চিত করা যাচ্ছে না। তবে গন্তব্য মোংলা হওয়ায় ধরে নেওয়া হচ্ছে যে, পণ্যগুলোর আমদানিকারক বাংলাদেশি। কিন্তু এখন পর্যন্ত এ সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি।