গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আদালতে হাজিরা দিচ্ছেন না। পুলিশের কাছে থাকা তথ্য বলছে, এদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে দেশ ছেড়েছেন। এ ছাড়া কারাগার থেকে বেরিয়ে নিজ নিজ এলাকায় নতুন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন অনেকে।
সম্প্রতি দেশ ছাড়ার চেষ্টাকালে ‘তারকা শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মুক্তি পাওয়ার পর তার বিরুদ্ধে শতাধিক নতুন অভিযোগ জমা পড়েছে।
এর আগে জামিন পাওয়ার পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হন আরেক শীর্ষ সন্ত্রাসী ফতেহ আলী ওরফে সুব্রত বাইন এবং আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। গণঅভ্যুত্থানের পর জামিনে মুক্ত হওয়া এই দুই সন্ত্রাসীর বিরুদ্ধেও একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে আসছিল।
১৫ থেকে ২০ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনে যেসব শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়েছেন, তাদের মধ্যে সুইডেন আসলাম ছাড়াও আছেন রাজধানীর হাজারীবাগের সানজিদুল ইসলাম ইমন, মিরপুরের আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন এবং খোরশেদ আলম ওরফে ফ্রিডম রাসু।
পুলিশের তালিকাভুক্ত এসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হওয়ার পরপরই রাজধানীতে তাদের নতুন করে তৎপরতা শুরু হয়। সংবাদমাধ্যমে টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অতিষ্ঠ হয়ে ওঠার খবর আসতে থাকে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন টাইমসকে বলেন, ‘আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের কেউ কেউ জামিনে বেরিয়ে আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন না। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও অনেক সময় তাদের অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়।’
কী ধরনের জটিলতা তৈরি হয়–জানতে চাইলে তিনি বলেন, ‘আসামিদের অনেকেই আত্মগোপনে চলে যান এবং ঘন ঘন বাসস্থান ও মোবাইল ফোন পরিবর্তন করেন। ফলে তাদের ধরা কঠিন হয়ে পড়ে। এই সুযোগে কেউ কেউ আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।’
অতীতে শীর্ষ সন্ত্রাসীরা আদালত থেকে জামিন পেলেও পুলিশ তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটকে রাখত। রাষ্ট্রপক্ষও জামিনের জোরালো বিরোধিতা করত। তবে গণঅভ্যুত্থানের পর এই সন্ত্রাসীরা পুলিশি ব্যবস্থার দুর্বলতার সুযোগ কাজে লাগিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কারও কারও ক্ষেত্রে আর্থিক লেনদেনের গুঞ্জন থাকলেও তা তদন্ত করে দেখা হয়নি।
আইনজীবী শামসুদ্দোহা সুমন আরও বলেন, ‘জামিন পাওয়া প্রত্যেক নাগরিকের আইনগত অধিকার। তবে আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের ক্ষেত্রে বিষয়টি আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন ছিল।’
জামিনের পর আদালতে অনুপস্থিতি
ফৌজদারি মামলায় জামিন পেলে শুনানির তারিখে হাজির হওয়া এবং আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ না করার মতো শর্ত মেনে চলতে হয়। কিন্তু আইনজীবীরা বলছেন, শীর্ষ সন্ত্রাসীরা নির্ধারিত তারিখে আদালতে আসছেন না। ফলে মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে, বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে এবং বাদী ও সাক্ষীরা হতাশ হয়ে পড়ছেন।
২০২৪ সালের ১৬ আগস্ট জামিন পান পিচ্চি হেলাল ও টিটন। এরপর তারা আর আদালতে হাজিরা দেননি, যার ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গোয়েন্দা পুলিশ (ডিবি) তখন জানিয়েছিল, ইমন ও টিটন দেশের ভেতরেই আত্মগোপন করে আছেন এবং অভিযানের খবর পেলেই স্থান পরিবর্তন করছেন।
এর মধ্যেই গত ২৮ এপ্রিল ঢাকার নিউমার্কেট এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে টিটনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় টিটনের ভাই সাঈদ আক্তারের করা মামলায় পিচ্চি হেলাল, কিলার বাদল, শাহজাহান ও ড্যাগারি রনিকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই মামলাতেই সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নিহত টিটন ছিলেন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০২৪ সালের ১৫ আগস্ট জামিন পাওয়া ইমনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত ৩৩টি মামলা রয়েছে। পুলিশ ও এসআরবি কর্মকর্তাদের তথ্যমতে, ইমন বর্তমানে বিদেশে অবস্থান করলেও সেখান থেকেই দেশে তার অপরাধ নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছেন।
গত বছর ১০ নভেম্বর রাজধানীর ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে আরেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুনকে গুলি করে হত্যা করা হয়। আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষ সন্ত্রাসীরাই তাকে হত্যা করে বলে জানায় পুলিশ। মামুনের স্বজনরা এই হত্যাকাণ্ডে ইমনের সম্পৃক্ততার অভিযোগ তুললেও প্রধান সন্দেহভাজন ‘ভাইগ্না রনি’ গ্রেপ্তার না হওয়ায় পুলিশ এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ইমন ও মামুনের মধ্যে পরবর্তীতে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। উল্লেখ্য, মামুন ২০২৩ সালের জুনে জামিনে মুক্তি পেয়েছিলেন।
মুক্তির পর ফের অপরাধের রাজ্যে
২০০১ সালে ফ্রিডম রাসু, মানিক, সোহেল, জিসান ও কেরামতের নেতৃত্বে গঠিত হয়েছিল কুখ্যাত ‘ফাইভ স্টার বাহিনী’। পুলিশের তথ্য বলছে, ২০২৪ সালের ১২ আগস্ট কারাগার থেকে বেরিয়ে ফ্রিডম রাসু রাজধানীর রমনা, মতিঝিল, রামপুরা ও বাড্ডা এলাকায় তার বাহিনীকে পুনরায় সক্রিয় করেছেন।
মোহাম্মদপুরেও সক্রিয় হয়ে উঠেছেন ২০০০ সালে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। ২০২৪ সালের ১৬ আগস্ট জামিন পাওয়ার মাত্র এক মাস পর ২০ সেপ্টেম্বর রায়েরবাজারে সাদেক খান আড়তের সামনে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ওই জোড়া খুনের ঘটনায় মোহাম্মদপুর থানায় পিচ্চি হেলালের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমন তার অনুসারীদের মাধ্যমে এলাকা ভাগ করে চাঁদাবাজির বলয় তৈরি করেছেন। ধানমন্ডি, রায়েরবাজার, হাজারীবাগ, জিগাতলা, এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকার ময়লা অপসারণ, নির্মাণকাজের দরপত্র, ডিশ-ইন্টারনেট ব্যবসা, পরিবহন, ফুটপাত, ঝুট ব্যবসা ও জমি দখল থেকে কোটি কোটি টাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে এই চক্র।
হাজারীবাগ থানার ওসি মো. মোশাররফ হোসেন টাইমসকে বলেন, ‘এ জে আর কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় ক্যাপ্টেন ইমনের নাম এসেছে। এর আগেও তার নামে চাঁদা দাবির অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
ধানমন্ডি থানার ওসি মো. ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ইমনের নামে বিভিন্নজনকে ফোন করার কথা শোনা গেলেও ভয়ে কেউ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসছেন না।
পালিয়ে গেলে করণীয় কী
আইনজীবীরা জানান, জামিন পেয়ে আসামি পালিয়ে গেলে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি তার সম্পত্তি ক্রোক এবং অনুপস্থিতিতেই বিচার পরিচালনার আইনগত সুযোগ রয়েছে। তবে এসব পলাতক সন্ত্রাসীর ক্ষেত্রে এখনো তেমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। আসামি বিদেশে চলে গেলে ইন্টারপোলের সহযোগিতা ও প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনার সুযোগ থাকলেও তা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ।
২০০১ সালে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা সুব্রত বাইন এর আগেও একাধিকবার পালিয়ে ভারত ও নেপালে গিয়েছিলেন। ২০১২ সালে নেপালের ঝুমকা কারাগার থেকে ৭৭ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে পালানোর রেকর্ডও রয়েছে তার। ২০২২ সালের এপ্রিলে ভারত থেকে ফিরিয়ে আনার পর বারবার তার জামিন নাকচ হলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি জামিন পান। পরবর্তীতে ২০২৫ সালের ২৭ মে কুষ্টিয়া শহরের একটি বাসা থেকে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে।
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়। ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজিরা শেষে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা ওরফে বাদশা। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে ২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে ও হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা, যাদের আজও খুঁজে পায়নি পুলিশ।