Image description

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপি) হিসেবে দশ বছর ধরে সেবা দিয়ে আসছে ‘সার্কেল নেটওয়ার্ক’। অন্যদিকে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি গত আগস্টে তাদের ‘এয়ারটেল’ মোবাইল নেটওয়ার্ক সেবাকে রিব্র্যান্ডিং করেছে ‘সার্কেল’ নামে। এটি নিজেদের নামের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে রবি আজিয়াটার বিরুদ্ধে অভিযোগ এনেছে সার্কেল নেটওয়ার্ক।

এ বিষয়ে গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) একটি চিঠি দেয় সার্কেল নেটওয়ার্ক। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর রবি আজিয়াটাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব কার্যক্রম থেকে রবি আজিয়াটাকে কেন বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়। এছাড়া চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, কমিশনের পূর্বানুমোদন ছাড়াই রবি আজিয়াটা ‘সার্কেল’ নামটি ব্যবহার করছে। পাশাপাশি একীভূতকরণের (মার্জার) শর্ত লঙ্ঘন করে এয়ারটেলকে পৃথক ‘অপারেটর’ হিসেবে উপস্থাপনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

বিটিআরসির লিগ্যাল শাখা থেকে রবি আজিয়াটার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই নোটিশ জারি করা হয়। রবি সেই নোটিশের জবাবও দিয়েছে। প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ‘সার্কেল নিয়ে আপত্তি জানানোর কোনো আইনি অথবা নৈতিক ভিত্তি নেই। প্রযোজ্য আইন ও বৈধ ব্যবসায়িক নীতির মধ্যে থেকেই ব্র্যান্ডটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

বিটিআরসির এক কর্মকর্তা জানান, কমিশন এখন দুই পক্ষের যুক্তিগুলো পর্যালোচনা করছে। আইনগতভাবে যে সিদ্ধান্ত নেওয়া দরকার, কমিশন তা নেবে।

দুটি বিষয়ে নীতির ব্যত্যয়

বিটিআরসির নোটিশে রবি আজিয়াটার বিরুদ্ধে মূলত দুটি সুনির্দিষ্ট আইনি ও নীতিগত ব্যত্যয়ের বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, ২০১৬ সালে তৎকালীন রবি আজিয়াটা লিমিটেড (বর্তমানে রবি আজিয়াটা পিএলসি) ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড একীভূত হয়। শর্ত অনুযায়ী কেবল ‘রবি আজিয়াটা লিমিটেড (বর্তমানে পিএলসি)’ নামটি ব্যবহারের স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে ২০২৩ সালের ২৩ জুলাই এক নির্দেশনায় জানানো হয় যে, একীভূতকরণের পর ‘এয়ারটেল’ কোনো স্বতন্ত্র লাইসেন্সপ্রাপ্ত অপারেটর নয়। এয়ারটেল কোনোভাবেই পৃথক অপারেটরের মর্যাদা পেতে পারে না।

কিন্তু বিটিআরসি লক্ষ্য করেছে, রবি আজিয়াটা তাদের বিভিন্ন বিজ্ঞাপনে এয়ারটেলকে স্বতন্ত্র মোবাইল অপারেটর হিসেবে উপস্থাপন করেছে। এটি ২০১৬ সালের একীভূতকরণ চুক্তি ও সরকারের সংশ্লিষ্ট নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।

এছাড়া নোটিশ অনুযায়ী, ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে কমিশন থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান সার্কেল নেটওয়ার্ক গত ২০১৬ সাল থেকে ‘সার্কেল’ (ইংরেজিতে CIRCLE) নামটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করে দেশব্যাপী আইএসপি ব্যবসা পরিচালনা করে আসছে।

তবে রবি আজিয়াটা পিএলসি কমিশনের পূর্বানুমোদন ছাড়াই ‘সার্কেল’ নামটি ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে, যা দেশের প্রচলিত বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। কমিশনের মতে, অনুমতি ছাড়া অন্য একটি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের পরিচিতি বা নাম ব্যবহার টেলিকম শৃঙ্খলা ও আইনের পরিপন্থী।

সার্কেল নেটওয়ার্কের যুক্তি

সার্কেল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাহবুব আলম বিটিআরসির চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করেন, ২০১৬ সালের ১ মার্চ নেশনওয়াইড আইএসপি লাইসেন্স লাভ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন, অফিসিয়াল যোগাযোগ, ট্যারিফ অনুমোদন, বিপণন সামগ্রীসহ সব নথিপত্রে ‘সার্কেল নেটওয়ার্ক’ নামটি ব্যবহৃত হয়ে আসছে। গ্রাহক সমাজে নামটি বিশেষ পরিচিতি ও সুনাম অর্জন করেছে। সুতরাং প্রতিষ্ঠিত ব্যবসায়িক পরিচয় বিবেচনায় এ নামের আইনি সুরক্ষা পাওয়া প্রতিষ্ঠানটির মৌলিক অধিকার।

চিঠিতে আরও বলা হয়, রবি আজিয়াটা ‘সার্কেল’ ব্র্যান্ডটিতে ভিন্ন লোগো এবং ইংরেজিতে কিছুটা ভিন্ন বানান ‘CIRKLE’ ব্যবহার করলেও, এর বাংলা উচ্চারণ অভিন্ন। টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার গ্রাহকদের বড় অংশই সাধারণ মানুষ। উভয় নামের উচ্চারণগত মিলের কারণে গ্রাহকদের মাঝে ধারণা তৈরি হতে পারে যে, সার্কেল নেটওয়ার্কের সঙ্গে রবির কোনো বাণিজ্যিক সম্পর্ক, অংশীদারত্ব বা অ্যাফিলিয়েশন রয়েছে। ফলে রবির এই নাম ব্যবহার সার্কেল নেটওয়ার্কের স্বাধীন পরিচিতি ক্ষুণ্ণ করবে এবং গ্রাহকদের বড় ধরনের বিভ্রান্তিতে ফেলে দেবে।

আইনি প্রেক্ষাপট

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এবং প্রচলিত বাণিজ্যিক আইন অনুযায়ী, একই খাতের দুটি নিবন্ধিত বা লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মধ্যে নাম, ব্র্যান্ড বা উচ্চারণগত সাদৃশ্য বজায় রাখা বেআইনি—যদি তা বাজারে একচেটিয়া প্রভাব খাটানোর সুযোগ তৈরি করে কিংবা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সুনামকে ক্ষতিগ্রস্ত করে এবং গ্রাহকবিভ্রান্তি তৈরি করে।