Image description

ঝালকাঠির রাজাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড়ইয়া ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ উদ্দিন হাওলাদার ওরফে সুরুজ মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে ঘরের কিছু জিনিসপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারসহ আত্মগোপনে ছিলেন শাহ উদ্দিন হাওলাদার ওরফে সুরুজ মিয়া। ওই বছরের ১৯ সেপ্টেম্বর তিনি গ্রেপ্তার হন। এক মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আবারও আত্মগোপনে চলে যান তিনি।

 

এ সময় বাড়িতে একাই থাকতেন তার স্ত্রী মোসা. রেমি বেগম। গত ১৯ নভেম্বর দুর্বৃত্তরা বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর নিরাপত্তাহীনতায় স্ত্রী রেমি বেগমও বাড়ি ছেড়ে চলে যান। সেই থেকে বাড়িটি ফাঁকা ছিল।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে আবারও একদল দুর্বৃত্ত বাড়িটিতে হামলা চালায়। তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং কিছু জিনিসপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। তবে কারা এবং কী কারণে এ হামলা ও অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘরের কিছু জিনিসপত্র বাইরে বের করে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে। ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল।