Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর এ সংলাপ হতে পারে। ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত হবে এ সংলাপ। তবে ওই সংলাপের এজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি।

বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার কথা রয়েছে আগামী ২৬ নভেম্বর। এদিকে আজ রোববার দেশে ফিরছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ইতোমধ্যে ভেতরে ভেতরে সংলাপের গ্রাউন্ডওয়ার্ক তৈরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠকের পর ফলোআপ বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। এখন সংলাপের জন্য দলগুলোর মধ্যে প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গেছে।

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে ১৮ নভেম্বর একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ওই বৈঠকের পর জাতীয় সংসদে দেওয়া ভাষণে তারা দুজনেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ও সংসদের বাইরের দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। এরপরই মূলত জাতীয় সংলাপে বসতে বিরোধী দলকে আমন্ত্রণ জানায় সরকারি দল বিএনপি।

তবে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি নন দলগুলোর শীর্ষ নেতারা। সরকারের ওই আমন্ত্রণের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য পৃথকভাবে আওয়ামী লীগের নাশকতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি পালন করছে।

জানতে চাইলে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি যুগান্তরকে বলেন, জুলাই আন্দোলনে আমরা যেসব দল ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, আগামীতেও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়ব।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের ফলশ্রুতিতে একটি জাতীয় সংলাপ হবে বলে শুনছি। এটি নভেম্বরের শেষের দিকে হতে পারে। এই সংলাপ থেকে জুলাই আন্দোলনের দলগুলোর ঐক্য পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে বলে প্রত্যাশা করি।

সূত্র জানাচ্ছে, জাতীয় ঐক্য গড়তে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার প্রক্রিয়া নিয়ে নানামুখী আলোচনা চলছে। ঐক্যের প্রশ্নে নীতিগতভাবে একমত থাকলেও বিভিন্ন ইস্যুতে কিছুটা দরকষাকষি চলছে দলগুলোর মধ্যে।

বিশেষ করে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ, জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিএনপির ‘নোট অব ডিসেন্টে’র বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া, বিরোধী দলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ দেওয়া, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিএনপির হয়ে কিছু নেতার অতিকথন বন্ধসহ বিভিন্ন বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

সংশ্লিষ্টরা জানান, ১১ দলীয় ঐক্যের মোটাদাগে চাওয়া হচ্ছে, নোট অব ডিসেন্ট ছাড়াই গণভোটের রায় অনুযায়ী বিএনপি জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করুক। পাশাপাশি বিএনপির হয়ে যারা বিরোধী দলের বিরুদ্ধে অপ্রাসঙ্গিকভাবে আক্রমণ করছেন, তাদের নিবৃত্ত হোক বলে চাইছে বিরোধী দল।

এছাড়া প্রতিটি জেলায় নির্বাচিত সংসদ-সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী কমিটি গঠন করার বিষয়টিও আলোচনায় আছে। অপরদিকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি। পাশাপাশি আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে রাজপথে জুলাই আন্দোলনের মতোই ঐক্যবদ্ধ থাকতে চায় বিএনপি, জামায়াত ও এনসিপি। সেই লক্ষ্য সামনে রেখে ইতোমধ্যে পৃথক কর্মসূচিও চলছে। জাতীয় সংলাপে আবারও একই মঞ্চে দলগুলোর শীর্ষ নেতারা আসবেন বলে জানা গেছে।

সরকার ও বিরোধী দলের একাধিক নেতার মতে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং ওই ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নেপথ্যে দেশের বাইরের প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণে ওই প্রভাবশালী মহল বাধ্য করছে। তাদের বিরুদ্ধে সব দল ঐকমত্য না থাকলে দেশের স্থিতিশীলতা রক্ষা করা কঠিন হবে।

এমন পরিস্থিতিতে দ্রুত জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও নেতারা মনে করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক জাতীয় ঐক্যের পথ খুলে দিয়েছে। পাশাপাশি সরকারকে বিভিন্ন কাজে বিরোধী দল গঠনমূলক সহযোগিতা করার বিষয়টি সামনে আসবে।

বিএনপি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নাশকতাবিরোধী কর্মকাণ্ড প্রশাসনিক ও রাজনৈতিকভাবে মোকাবিলা ইস্যুতে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী, দলগুলো পৃথক কর্মসূচি নিয়ে মাঠে আছে। প্রধানমন্ত্রীর ভাষণ অনুযায়ী, তাদের একমঞ্চে আনার প্রক্রিয়া চলছে। সূত্র আরও জানায়, সংবিধান সংশোধন-সংক্রান্ত ১৭ সদস্যের বিশেষ কমিটির ৫ জনকে বিরোধী দল থেকে মনোনয়নের জন্য সরকারি দল অনুরোধ করেছে।

তারা সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার কারণ দেখিয়ে এখনো প্রতিনিধিত্ব দেয়নি। দুপক্ষের আলোচনায় সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি দেওয়ার বিষয়টি রয়েছে। জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে সমঝোতা হলে নোট অব ডিসেন্টের কিছু বিষয়ে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকারি দল। তবে এ ছাড়ের বিনিময়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় দলগুলোর কাছ থেকে ইতিবাচক সহযোগিতা এবং কিছু বিষয়ে অভিন্ন অবস্থান প্রত্যাশা করছে।

অন্যদিকে জামায়াত ও এনসিপি জাতীয় ঐক্যের প্রশ্নে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। তারা বলছে, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা উচিত নয়। সনদের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাদ দিয়ে কিংবা আংশিক বাস্তবায়নের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা সম্ভব নয়। এ ক্ষেত্রে সনদের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট রাজনৈতিক নিশ্চয়তা চায় দল দুটি।

এ দুদলের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে অনবরত বক্তব্য দেওয়া সরকারের একজন প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী এবং অন্য একটি দলের শীর্ষ এক নেতাকে নিবৃত্ত করারও দাবি আছে তাদের। তাদের মতে, এসব নেতার অতিকথন জুলাই আন্দোলনের স্বপক্ষে থাকা দলগুলোর মধ্যে তিক্ততা ও বিভক্তি বাড়াচ্ছে।

জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের যুগান্তরকে বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের নাম হবে জুলাই ঐক্য। এর ভিত্তি হবে জুলাই সনদ। কাজেই জুলাই সনদের ভিত্তিতে যে গণভোটের গণরায় সেটার পূর্ণ বাস্তবায়নই হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি।

তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে আমাদের শক্ত দলীয় অবস্থান রয়েছে এবং থাকবে। ১১ দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত এবং জামায়াতের দলীয় সিদ্ধান্ত মোতাবেক রাজপথে আমাদের শক্ত অবস্থান থাকবে। শনিবার থেকে আমাদের দলের ৪০ দিনের কর্মসূচি শুরু হয়েছে। জুলাই আন্দোলনে দলগুলোর ঐক্য প্রতিষ্ঠার বড় দায়িত্ব সরকারি দলের।

এদিকে জাতীয় সংলাপে বসার আগে করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি। আজ রোববার নাহিদ ইসলাম দেশে ফেরার পর দলটির নেতারা নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। এনসিপির একাধিক নেতা জানান, ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া জোরালো বক্তব্য দেশের জন্য ইতিবাচক। প্রধানমন্ত্রীর এসব বক্তব্যের সঙ্গে এনসিপি পুরোপুরি একমত। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ঘোষণা দিতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগান্তরকে বলেন, জুলাই ঐক্য ভাঙার দায় বিএনপির আছে। এখন সরকারি দল ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য চাইলে বিরোধী দলকে আস্থায় নিতে হবে। বিরোধী দলের আস্থা অর্জন করতে হলে সরকার সংস্কারের প্রতিশ্রুতিও লাগবে। তাহলেই প্রকৃত জাতীয় ঐক্য গড়ে উঠবে।