Image description

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেননি বিশ্বনেতা ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সময়সীমা, জলবায়ু অর্থায়ন এবং উন্নয়নশীল দেশগুলোর ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা নিয়ে মতবিরোধের কারণে নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের মূল চুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়নি। গত শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। শনিবার রাত পর্যন্ত বৈঠক চললেও চূড়ান্ত সমঝোতা না হওয়ায় সমাপনী অধিবেশন রোববার পর্যন্ত গড়িয়েছে।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। দুই সপ্তাহের আলোচনা শেষে চুক্তির খসড়া নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। বিশেষ করে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে আনা এবং জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসার বিষয়ে কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশগুলো।

সম্মেলনের সভাপতি তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম এবং আলোচনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে নতুন খসড়া প্রণয়ন ও মতপার্থক্য দূর করার চেষ্টা চলছে। তবে শেষ পর্যন্ত কোন ভাষায় চুক্তি অনুমোদিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

জীবাশ্ম জ্বালানি নিয়ে সবচেয়ে বড় বিরোধ

কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তের খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো কিংবা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট উল্লেখ বাদ পড়ায় সম্মেলনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এর পরিবর্তে বিদ্যুতায়ন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা কয়েকটি উন্নয়নশীল দেশ আপত্তি জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ধারণা, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়টি চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত করার পক্ষে প্রায় ১৩০টি দেশের সমর্থন রয়েছে।

অন্যদিকে, জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও ব্যবহার নিয়ে নির্দিষ্ট সময়সীমা বা বাধ্যবাধকতা আরোপের বিষয়ে কয়েকটি তেল উৎপাদনকারী দেশ আপত্তি জানিয়ে আসছে। ফলে এ বিষয়ে ঐকমত্য তৈরি করা কঠিন হয়ে পড়েছে।

জলবায়ু অর্থায়নেও হতাশ উন্নয়নশীল দেশগুলো

জীবাশ্ম জ্বালানির পাশাপাশি জলবায়ু অর্থায়ন এবারের সম্মেলনের অন্যতম বড় বিরোধের বিষয় হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলো অভিযোজন, দুর্যোগ মোকাবিলা, পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পর্যাপ্ত অর্থায়নের দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, উন্নত দেশগুলো জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিলেও প্রয়োজন অনুযায়ী অর্থ ছাড় এবং সহজ শর্তে সহায়তা নিশ্চিত করছে না। বিশেষ করে অনুদানভিত্তিক অর্থায়নের পরিবর্তে ঋণনির্ভর সহায়তা উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন অর্থনৈতিক চাপ তৈরি করছে। সর্বশেষ খসড়া প্রস্তাবে অভিযোজন অর্থায়ন বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট ও শক্তিশালী প্রতিশ্রুতি না থাকায় অসন্তোষ তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো বলছে, অর্থায়নের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত ছাড়া শুধু প্রতিশ্রুতি দিয়ে সংকট মোকাবিলা সম্ভব নয়।

১০০টির বেশি পরিবেশবাদী সংগঠনের প্রতিবাদ

চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির বিষয়টি বাদ পড়ায় আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রিনপিস, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ), ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কসহ ১০০টির বেশি পরিবেশবাদী সংগঠন কপ-৩১-এর যৌথ সভাপতিদের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে সংগঠনগুলো বলেছে, কয়লা, তেল ও গ্যাসের মতো জলবায়ু সংকটের প্রধান কারণগুলোকে চুক্তিতে উল্লেখ না করা হতাশাজনক। তাদের মতে, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে কার্বন ধারণ প্রযুক্তি ও বিদ্যুতায়নের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার সুযোগ তৈরি হতে পারে। সংগঠনগুলো সতর্ক করে বলেছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার ছাড়া এবারের সম্মেলন আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বড় ধরনের হতাশার কারণ হয়ে উঠতে পারে।

কপ-৩২ হবে ইথিওপিয়ায়

এদিকে কপ-৩১-এর মূল রাজনৈতিক চুক্তি নিয়ে অচলাবস্থা থাকলেও পরবর্তী জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ নির্ধারণে সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ সালে জাতিসংঘের ৩২তম জলবায়ু সম্মেলন (কপ-৩২) আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠিত হবে। দেশটির রাজধানী আদ্দিস আবাবায় বসবে পরবর্তী সম্মেলন। এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা আফ্রিকার দেশগুলোর সমস্যা, অভিযোজন, জলবায়ু অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো আন্তর্জাতিক আলোচনায় আরও গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া প্যারিস জলবায়ু চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় আন্তর্জাতিক কার্বন বাজার ও দেশগুলোর মধ্যে জলবায়ু কার্যক্রমে সহযোগিতা নিয়ে কারিগরি আলোচনা এগিয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু ইস্যু এবং কয়েকটি প্রশাসনিক বিষয়েও অগ্রগতি হয়েছে। তবে সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো এখনো চূড়ান্ত হয়নি।

শেষ মুহূর্তে সমঝোতার অপেক্ষা

কপ-৩১-এর নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সম্মেলনে মতবিরোধ কাটেনি। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে দেশগুলোর অবস্থান এখনো বিপরীতমুখী। শনিবারও গভীর রাত পর্যন্ত প্রতিনিধিদের মধ্যে আলোচনা অব্যাহত ছিল। ইউরোপীয় ইউনিয়নসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সবার নজর সম্মেলনের পরবর্তী খসড়া ও সমাপনী অধিবেশনের দিকে। শেষ পর্যন্ত দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারে কি না, তার ওপর নির্ভর করছে কপ-৩১-এর চূড়ান্ত অর্জন।