ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে ঝুলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স। তাতে রয়েছে সরকারি সিল, কর্মকর্তাদের ডিজিটাল স্বাক্ষর। এই লাইসেন্স পেতে ব্যাংকে টাকাও জমা দেওয়া হয়েছে, যার রসিদও আছে। তবে এই কাগজগুলোর সবই জাল। আর সিটি করপোরেশনের দাপ্তরিক নথিতে এই লাইসেন্সের কোনো অস্তিত্ব নেই। নেই আবেদন, অনুমোদন কিংবা ফি জমার বৈধ হিসাবও। সরকারি প্রতিষ্ঠানের নাম-পরিচয় ব্যবহার করে এভাবেই চলছে জাল লাইসেন্সের রমরমা বাণিজ্য। শুধু ডিএসসিসির অঞ্চল-৮-এ শনাক্ত হয়েছে ৪৭টি ভুয়া ট্রেড লাইসেন্স। অনুসন্ধানে উঠে এসেছে, এমন জালিয়াতির বিস্তার, ঘটেছে ডিএসসিসির একাধিক অঞ্চলে। এর মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হলেও রাজস্ববঞ্চিত হয়েছে সিটি করপোরেশন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই জালিয়াতির সঙ্গে নগর ভবনের ভেতরের লোকজনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর কয়েকজন রাজস্ব কর্মকর্তার পাশাপাশি এক লিফটম্যানের দিকেও। স্থানীয় মধ্যস্থতাকারী ও কয়েকজন রাজনৈতিক কর্মীর ভূমিকা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। শেষ পর্যন্ত তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
কালবেলার অনুসন্ধান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নথিতে উঠে এসেছে নকল ট্রেড লাইসেন্স তৈরির সিন্ডিকেটের আদ্যোপান্ত। এখন পর্যন্ত জালিয়াতির মাধ্যমে অন্তত ৪৭টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- এম এস এইচ কে এন্টারপ্রাইজ, আল আমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, নিলে ট্রাভেল অ্যান্ড ট্যুরস, আনোয়ার এন্টারপ্রাইজ, সি এস এগ্রো ফুড, বিসমিল্লাহ টাইলস অ্যান্ড স্যানিটারি, ইনায়া বুটিক্স, এস আই লজিস্টিক লিমিটেড, মা সেলুন, সাদাফ ব্যাটারিচালিত অটো গ্যারেজ, মো. ময়নুল হক এন্টারপ্রাইজ, সফটকেয়ার আইটি, ফারুক ফ্যাশন, আল হিকমাহ ফাউন্ডেশন, ড্রিম এরিনা, ফার্ম হাউস, মেসার্স শাহাদাত এন্টারপ্রাইজ, মেসার্স এইচ আর এন্টারপ্রাইজ, সততা অটো গ্যারেজ, ইজি পিভিসি ইন্ডাস্ট্রি, সবর ফুড প্রোডাক্টস, সনিয়া এন্টারপ্রাইজ, জাহাঙ্গীর মোটরবাইক সার্ভিস সেন্টার, ফিক্সকোর অ্যান্ড, নর্ট ফুড প্রোডাক্ট, ভাই ভাই এন্টারপ্রাইজ, এম এম টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেসার্স মিজান অ্যান্ড ব্রাদার্স, উম্মু খাদিজা এন্টারপ্রাইজ, নর্ট ফুড প্রোডাক্ট, এস এম ম্যানুফ্যাকচারিং কোং, দ্য প্রিন্ট সিটি, নিগার ফ্যাশন, এ টি এম এন্টারপ্রাইজ, ফ্রেস ফ্রুটস, চিশতিয়া এন্টারপ্রাইজ, আজিজ ড্রাই ফুড, আর এম এস ফ্যাশন, বিবর্তন, ডিসকাউন্ট সিটি, সাইন অ্যাড, সারা প্রিন্ট অ্যান্ড প্যাক, রুবেল এন্টারপ্রাইজ, হাফসা এন্টারপ্রাইজ, আল-হিদায়াহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং মোবাইল ক্লাব। এসব ট্রেড লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের যোগসাজশ থাকার তথ্য উঠে এসেছে অনুসন্ধানে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ডিএসসিসির অঞ্চল-৮ এর এলাকা ৬৪, ৬৫ ও ৬৬ ওয়ার্ডের আওতাধীন ডেমরা, সারুলিয়া, হাজীনগর, ডগার পশ্চিমপাড়া-পূর্বপাড়া, আল আমিন রোড ও স্টাফ কোয়ার্টার এলাকার ব্যবসায়ীদের জাল ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। জালিয়াত চক্র যেসব ট্রেড লাইসেন্স ব্যবসায়ীদের দিয়েছে, সেখানে সিটি করপোরেশনের সিল ও কর্মকর্তাদের স্বাক্ষর হুবহু জাল করা হয়েছে। লাইসেন্সগুলো দেখে বোঝার উপায় নেই, সেটি জাল লাইসেন্স। ডগার ৩২/৩ আল আমিন রোডে ‘সততা অটো গ্যারেজের’ স্বত্বাধিকারী সোহেলের তার গাড়ির গ্যারেজের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ঝুলিয়ে রেখেছেন। তবে তিনি বুঝতে পারেননি, তার লাইসেন্সটি জাল। একই অবস্থা ২৪১/১২ ডগার পশ্চিমপাড়া সারা প্রিন্ট অ্যান্ড প্যাকেজের। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাসির হোসেন সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে টিনশেড ঘরে কার্টনের ব্যবসা করছেন। তার কার্টনের কারখানায় কয়েকজন শ্রমিক কাজ করছেন। তার ট্রেড লাইসেন্সটি জাল জানার পর হতভম্ব হয়ে যান নাসির। আরেক প্রতিষ্ঠান নিগার ফ্যাশন ১০, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোডে তৈরি পোশাক বিক্রির জন্য ট্রেড লাইসেন্স নিয়েছিলেন নিগার সুলতানা। এখন নিগার ফ্যাশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ছোঁয়া’।
কালবেলার অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাল ট্রেড লাইসেন্স তৈরির ‘মাস্টারমাইড’ হিসেবে কাজ করছেন ডিএসসিসির লিফটম্যান মো. দুলাল। ট্রেড লাইসেন্স করতে আসা অনেকেই লিফটম্যান দুলালের কাছে জিজ্ঞেস করেন কোন শাখায় কোন এলাকার ট্রেড লাইসেন্স করা যাবে। ব্যবসায়ীদের এমন জিজ্ঞাসাই দুলালের কাছে আশীর্বাদ হিসেবে ধরা দেয়। সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের প্রায় প্রতিটিতেই জাল ট্রেড লাইসন্সে ইস্যুর ঘটনা ঘটেছে। তবে দুলালের বাড়ি ডিএসসিসির অঞ্চল-৮ এলাকার আওতাধীন কোনাপাড়া হওয়ায় এই ওয়ার্ডেই বেশি জাল ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে। ডগার ৩২/৩ আল আমিন রোডে ‘সততা অটো গ্যারেজের’ স্বত্বাধিকারী সোহেলের জাল ট্রেড লাইসেন্সটিও করেন দুলাল। ৪৭টি জাল ট্রেড লাইসেন্স ইস্যুর ঘটনা উদ্ঘাটন করেন অঞ্চল-৮ এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মামুন খান।
এ বিষয়ে প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ কালবেলাকে বলেন, ‘দুটি আঞ্চলিক অফিস থেকে জাল ট্রেড লাইসেন্স ইস্যুর কয়েকটি অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে সিটি করপোরেশন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদনে সিটি করপোরেশনের বাইরে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা করব, সিটি করপোরেশনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি বলেন, ‘গত অর্থবছরে ট্রেড লাইসেন্স জালিয়াতির ঘটনা বেশি হয়েছে, সে জন্য ট্রেড লাইসেন্স ইস্যুর সময়ে কর কর্মকর্তার ডিজিটাল স্বাক্ষরের পরিবর্তে ম্যানুয়ালি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জাল ট্রেড লাইসেন্স ইস্যু সম্ভব নয়।’
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, লিফটম্যান দুলালকে তদন্তের সময় তলব করা হলে জাল লাইসেন্স তৈরির সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম বেরিয়ে আসবে। কারণ, সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে জাল ট্রেড লাইসেন্স ধরা পড়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে সিটি করপোরেশনে কয়েক দফা বৈঠক হয়েছে। বৈঠকের পরে লাইসেন্সে ডিজিটাল স্বাক্ষর বাতিল করে ম্যানুয়ালি স্বাক্ষর করছেন কর কর্মকর্তারা।
সততা অটো গ্যারেজের স্বত্বাধিকারী সোহেল বলেন, প্রায় ৭ হাজার টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করেছি। আমি সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। নগর ভবন থেকে লাইসেন্স দিয়েছে। আমাকে যে জাল লাইসেন্স দিয়েছে, তাকে ধরুক সিটি করপোরেশন। তার মোবাইল নম্বর আছে আমার কাছে। বাটপারি করল কীভাবে দেখেন, এখানে আমার দোষ কোথায়? আমার কাজে কোনো দুর্বলতা নেই। তিনি বলেন, ট্রেড লাইসেন্সে ভুল আছে, সে জন্য মঙ্গলবার সিটি করপোরেশনের লোকজন নোটিশ দিয়ে গেছেন। আগামী ২৬ নভেম্বর নগর ভবনের সাত তলায় শুনানির জন্য ডেকেছে।
স্থানীয় কয়েকজন জানান, ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক কর্মী জাকির হোসেন সাবেক কাউন্সিলরের সচিব হিসেবে কাজ করায় সিটি করপোরেশনের কর্মকাণ্ডের অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি ওই এলাকার বাড়ির হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের কাজ করেন। সেই সুবাদে জাকির হোসেনের সঙ্গে ডিএসসিসির অঞ্চল-৮ এর ৬৬ নম্বর ওয়ার্ডের সচিব মো. মিল্লাত হোসাইন ও অফিস সহায়ক সোহেবের সুসম্পর্ক গড়ে উঠেছে। একে-অপরের যোগসাজশে ৬৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম চলছে। জাকির হোসেনের মাধ্যমে ২৪১/১২ ডগার পশ্চিমপাড়া সারা প্রিন্ট অ্যান্ড প্যাকের ট্রেড লাইসেন্স করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাসির হোসেন। জাল ট্রেড লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, আমার ট্রেড লাইসেন্সে সিটি করপোরেশনের সিল ও কর্মকর্তার স্বাক্ষর আছে। লাইসেন্সটি জাকির হোসেনের মাধ্যমে করা হয়েছে। তার (জাকির হোসেন) সঙ্গে ৬৬ নম্বর ওয়ার্ড সিটি করপোরেশনের সব কর্মকর্তার সুসম্পর্ক আছে। ৬৬ নম্বর ওয়ার্ডের বহু মানুষ জাকির হোসেনের মাধ্যমে সিটি করপোরেশনের কাজ করান। আমিও তার (জাকির হোসেন) মাধ্যমে ট্রেড লাইসেন্স করে নিয়েছি। তিনি বলেন, প্রায় ৭ হাজার টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করেছি। ব্যাংকের রসিদও দেওয়া হয়েছে, তাহলে বুঝব কীভাবে লাইসেন্স জাল। লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, এখন নবায়ন করতে হবে।
জাল লাইসেন্সে ইস্যুর বিষয়ে জাকির হোসেন বলেন, ‘আমি ডিএসসিসির আঞ্চলিক-৮ লাইসেন্স সুপারভাইজারের কাছে গিয়ে সরাসরি ট্রেড লাইসেন্স করেছি। জাল লাইসেন্স তৈরির পেছনে আমার হাত নেই। জাল লাইসেন্স মালিকদের নোটিশ দেওয়া হচ্ছে, নোটিশ বিতরণের দায়িত্ব লাইসেন্স সুপারভাইজার মামুন খান আমাকে দিয়েছেন। গতকাল (বুধবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬টি নোটিশ বিতরণ করা হয়েছে, আরও ৬টি নোটিশ বিতরণের বাকি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘জাল ট্রেড লাইসেন্স তৈরির পেছনে অফিসের (সিটি করপোরেশন) লোক জড়িত। অফিসের লোক ছাড়া এসব লাইসেন্স তৈরি করা সম্ভব নয়।’
ডিএসসিসির অঞ্চল-৮ এর লাইসেন্স সুপারভাইজার মামুন খান বলেন, ডিজিটাল স্বাক্ষরে জালিয়াতি করা হয়েছে, বর্তমানে ট্রেড লাইসেন্সগুলোয় ম্যানুয়ালি স্বাক্ষর করছেন কর কর্মকর্তা। তবে সিটি করপোরেশন সার্ভার পরিবর্তন করে ফের ডিজিটাল স্বাক্ষরের দিকে এগোবে।
এদিকে, ডিএসসিসি অঞ্চল-৮-এর অধীনে কোনো প্রকার আবেদন বা দাপ্তরিক নথি ছাড়াই ব্যাপক হারে জাল ও অবৈধ ট্রেড লাইসেন্স ইস্যু করায় খোদ সিটি করপোরেশনের অভ্যন্তরীণ একটি দাপ্তরিক নথিতেই জালিয়াতির চিত্র উঠে এসেছে। নথিতে দেখা যায়, ৪৭টি জাল ট্রেড লাইসেন্সের তালিকা করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ নেয়নি।
ডিএসসিসির অঞ্চল-৮-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষরিত ওই নথিতে উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্ত লাইসেন্সগুলো অঞ্চল-৮-এর দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, উপ-কর কর্মকর্তা এবং কর কর্মকর্তার মাধ্যমে ইস্যু হয়নি। এসব লাইসেন্সের বিপরীতে অত্র দপ্তরে লিখিত বা অনলাইনে কোনো আবেদন জমা পড়েনি। ফলে দপ্তরে এগুলোর কোনো নথি সংরক্ষিত নেই। আশঙ্কা প্রকাশ করে নথিতে বলা হয়েছে, ভবিষ্যতে এসব জাল লাইসেন্সের কারণে কোনো মামলা-মোকদ্দমা বা অন্য কোনো দপ্তর থেকে নথির চাহিদা সৃষ্টি হলে তা সরবরাহ করা সম্ভব হবে না। এছাড়া তালিকার বাইরে আরও অসংখ্য জাল ও অবৈধ ট্রেড লাইসেন্স থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় অঞ্চল-৮ ধলপুরে অবস্থিত। অঞ্চল-৮-এর রাজস্ব বিভাগে পৌরকর শাখার কর কর্মকর্তা আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, “সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে জাল ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। তবে অঞ্চল-৮-এর আওতাধীন এলাকায় সবচেয়ে বেশি জাল ট্রেড লাইসেন্স ধরা পড়েছে। কার আইডি বা পাসওয়ার্ড দিয়ে জাল ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেটি ‘আইসিটি সেল’ বলতে পারবে।”
তিনি আরও বলেন, জাল ট্রেড লাইসেন্সে আমার ডিজিটাল স্বাক্ষর ও সিটি করপোরেশনের সিল আছে। লাইসেন্স তৈরির পেছনে কারা জড়িত তাদের ধরতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেই তদন্ত কমিটি বের করবে, কারা লাইসেন্স জালিয়াতি করেছে।’
তবে আইসিটি সেলের সহকারী প্রোগ্রামার নোমান আল রাব্বী বলেন, ট্রেড লাইসেন্স দেওয়ার দায়িত্ব আইসিটি সেলের নয়। সিটি করপোরেশনের ওয়েবসাইট ও আইটি সংক্রান্ত ত্রুটি সমাধানের দায়িত্ব আইসিটি সেলের।
জালিয়াতি খুঁজতে তদন্ত কমিটি: ডিএসসিসি থেকে ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়ায় জালিয়াতি ধরতে নথিপত্রের সঠিকতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাল ট্রেড লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠানগুলোকে তলবও করেছে সিটি করপোরেশন। এর মধ্যে সততা অটো গ্যারেজের স্বত্বাধিকারী সোহেলকে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে তলব করা হয়েছে। ডিএসসিসির বিবিধ আদায় শাখা (অঞ্চল-৪) থেকে গত ৬ নভেম্বর ইস্যুকৃত এক অফিস আদেশে তাকে শুনানিতে তলব করা হয়েছে। শুনানিতে অংশগ্রহণের সময় তাকে ট্রেড লাইসেন্সের মূল কপি এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের সার্ভার বা অসাধু চক্রের যোগসাজশ ছাড়া এভাবে একের পর এক জাল ট্রেড লাইসেন্স তৈরি হওয়া অসম্ভব। এসব ভুয়া লাইসেন্স ব্যবহার করে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে প্রথম শ্রেণির ঠিকাদারি বা আমদানি-রপ্তানির মতো স্পর্শকাতর ব্যবসায় জালিয়াতির সুযোগ তৈরি হচ্ছে। আগের ৪৭টি জাল লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এই চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।