যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করছেন, প্রমাণসহ তাদের তালিকা চেয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, ‘গ্যারান্টি দিলাম। আগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তন হবে না।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন সেলিম ভূঁইয়া। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই চেয়ারম্যান বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়ে দেব না।
আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তাঁকে (নাহিদ) গ্রেপ্তারের পর অনেকেই সমালোচনা করছেন। একজন বয়স্ক মানুষকে আটক করা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ বিএনপি নেতা এমকে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। তাঁকে ধরে ধরে আদালতে ওঠানো হতো, এমনকি হ্যান্ডকাফও পরানো থাকতো।’
সেলিম ভূঁইয়া বলেন, ‘আমাকেও আওয়ামী লীগ আমলে হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হয়েছে। ৪০টি মামলা ছিল। পুলিশ, র্যাব (বর্তমানে সিআরবি) ও গোয়েন্দাদের মাধ্যমে তুলে নেওয়া হয়েছিল। যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এসব অভিজ্ঞতা আমরা ভুলে যাইনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চান না। তবে কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই।’
শিক্ষাব্যবস্থায় বিগত ১৭ বছরে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ধরে এই শিক্ষক নেতা বলেন, ‘পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষকদের দিয়ে এসব বিষয় লেখানো ও শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। এজন্য শিক্ষকদের ব্যবহার করা হয়েছিল।’
১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়ে আমার আপত্তি রয়েছে। ওই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় মারা গেছে, এমনকি অনেকের লাশ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি।’
বাকশিস কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং সংগঠনের সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নেছার আহমেদ রাজুর পরিচালনায় সম্মেলনে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন প্রমুখ।