বিচারিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়েরর সহায়তা নিলেও রায় লেখার ক্ষেত্রে বিচারকদের নিজস্ব মেধা ও বিচারিক বিবেচনা প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চট্টগ্রাম বিভাগের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অভিভাষণে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকগণ প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই ব্যবহার করতে পারেন। তবে রায় প্রস্তুত বা রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না। রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।’
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিচারকদের নিয়ে আয়োজিত এই সভায় প্রধান বিচারপতি বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা ও মামলা ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর বিশেষ জোর দেন।
বিচারকদের আচরণবিধি নিয়ে সতর্ক করে প্রধান বিচারপতি বলেন, আদালতের বাইরেও বিচারকদের দায়িত্বশীল ও মর্যাদাবান হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিচারকদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, এজলাসে বসে মোবাইল ফোন ব্যবহার বা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা থেকে বিরত থাকতে হবে।
বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, আইনগত দিকের পাশাপাশি সামাজিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। তবে মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি।
বিচারিক কার্যক্রমে গতি আনতে আইনজীবীদের সহায়তা চেয়ে প্রধান বিচারপতি বলেন, অকারণে দীর্ঘ সময় নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। সময় মঞ্জুর করাকে নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না। আদালতের মূল্যবান সময় যেন নষ্ট না হয়, সে বিষয়ে আইনজীবীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিচারকদের দক্ষতা বাড়াতে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক আনার পরিকল্পনার কথা জানান প্রধান বিচারপতি। এছাড়া বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার আইন সংশোধনের কাজ শেষ হলে সেখানে দ্রুত বিচারক পদায়নের উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
বিচারপ্রার্থীদের জন্য জেলা আদালতগুলোতে পর্যাপ্ত বসার ব্যবস্থা এবং প্রত্যেক জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে মনিটরিং কমিটির দায়িত্বে থাকা বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি আহমেদ সোহেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকরা এ সময় তাদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং মামলা নিষ্পত্তিতে গতি আনার বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজসহ বিচারিক কর্মকর্তারা।