Image description

২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে পদযাত্রা করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ওই ঘটনার পর থেকে জেলাটিতে দলটির কেন্দ্রীয় কর্মসূচি ঘিরে নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। ২০২৬ সালের জুলাইয়ে দ্বিতীয় বর্ষপূর্তির কর্মসূচিতে গোপালগঞ্জ যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে তা স্থগিত করে দলটি। তবে সেই গোপালগঞ্জেই আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চিন্তা করছে এনসিপি। এবার ডিসেম্বরের কোনো একদিন সেখানে কর্মসূচি পালনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে দলটির।

৫ দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে এনসিপি। ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির শিডিউলও প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে নির্ধারিত এই তালিকায় গোপালগঞ্জের নাম না থাকলেও ডিসেম্বরের পরবর্তী সময়ে সেখানে কর্মসূচি আয়োজনের বিষয়টি বিবেচনায় রেখেছে দলটির রাজনৈতিক পর্ষদ।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান সারোয়ার তুষার আগামীর সময়কে বলেন, পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি। দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

গোপালগঞ্জের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ৬৪ জেলায় বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জও রয়েছে। তবে এখনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়নি। ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির সূচি প্রস্তুত রয়েছে। এরপর যেকোনো দিন গোপালগঞ্জের কর্মসূচি চূড়ান্ত হতে পারে। তার ভাষ্য, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে আরও আলোচনা করা হবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি নিয়ে নতুন করে ভাবনার পেছনে রয়েছে ২০২৫ সালের ১৬ জুলাইয়ের সহিংসতার স্মৃতি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সেদিন গোপালগঞ্জে যান দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কয়েকজন নেতার ‘মার্চ টু গোপালগঞ্জ’ প্রচারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। ১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে হামলা, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটে। পরে সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরও হামলার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। একপর্যায়ে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ওই দিনের সহিংসতায় চারজনের প্রাণহানি ঘটে। ঘটনাটি শুধু এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করে।

এরপর ২০২৬ সালের জুলাইয়ে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আবারও গোপালগঞ্জে যাওয়ার পরিকল্পনা করেছিল এনসিপি। ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির প্রাথমিক তালিকায় ১৬ জুলাই গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু কর্মসূচি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সংশোধিত তালিকা থেকে গোপালগঞ্জের নাম বাদ দেওয়া হয়।

তবে এবার গোপালগঞ্জকে কর্মসূচির বাইরে রাখতে চায় না এনসিপি। বরং ৬৪ জেলাতেই কর্মসূচি পালনের সিদ্ধান্তের অংশ হিসেবে গোপালগঞ্জেও বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। তবে আগের অভিজ্ঞতার কারণে এবার সেখানে কর্মসূচি আয়োজনের আগে সাংগঠনিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব আগামীর সময়কে বলেন, গোপালগঞ্জ তাদের প্রাথমিক ভাবনায় রয়েছে। তবে এখনো কর্মসূচির তারিখ চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা হবে। পাশাপাশি দলের শীর্ষ নেতারা প্রশাসনের সঙ্গেও কথা বলবেন। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

১৯ নভেম্বর রাতে এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠক শেষে দেশব্যাপী এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পাঁচটি দাবিকে সামনে রেখে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। দাবিগুলো হলো—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে ৬৪ জেলায় কর্মসূচি

এদিকে ২৩ নভেম্বর চট্টগ্রাম মহানগর ও জেলা দিয়ে শুরু হচ্ছে এনসিপির ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। প্রথম দিনের কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রাথমিক সূচি অনুযায়ী ২৪ নভেম্বর সিলেট, ২৫ নভেম্বর বরিশাল, ২৬ নভেম্বর খুলনা, ২৭ নভেম্বর গাজীপুর, ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ, ২৯ নভেম্বর রাজশাহী এবং ৩০ নভেম্বর বগুড়ায় কর্মসূচি পালিত হবে। এরপর ১ ডিসেম্বর রংপুর, ২ ডিসেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর ময়মনসিংহ, ৪ ডিসেম্বর কুড়িগ্রাম এবং ৫ ডিসেম্বর পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।