Image description

কার্তিক মাস এলেই একসময় গ্রামজুড়ে নেমে আসত অভাব-অনটন। ঘরে ঘরে দেখা দিত খাবারের সংকট। সেই কঠিন সময়ে প্রতিবেশী ও স্বজনদের অন্তত একবেলা ভালো খাবার খাওয়ানোর ইচ্ছা থেকে ছোট পরিসরে শুরু হয়েছিল একটি আয়োজন। ৬০ থেকে ৭০ জন মানুষকে নিয়ে শুরু হওয়া সেই আয়োজন এখন পরিণত হয়েছে হাজারো মানুষের মিলনমেলায়। ছয় দশক ধরে চলে আসা সেই ঐতিহ্যে এবার একসঙ্গে খাবার খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের এই আয়োজনের উদ্যোক্তা ৮৫ বছর বয়সী নুরুদ্দীন খান। তার উদ্যোগে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যানারে প্রতিবছর বসে এই মেজবান।

গত শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় জাহিরুল উলুম দাখিল মাদরাসা মাঠে আয়োজিত মেজবানে ত্রিশাল ছাড়াও ফুলবাড়ীয়া, ভালুকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মানুষ। ধর্ম-বর্ণ, বয়স কিংবা শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে একই আয়োজনে খাবার গ্রহণ করেন সবাই।

 

এবারের আয়োজনে রান্না হয়েছে ১ হাজার ৩২৪ কেজি গরুর মাংস। সঙ্গে ছিল ৭০০ লাউ দিয়ে রান্না করা প্রায় ১ হাজার ৩০০ কেজি মাষকলাইয়ের ডাল এবং ৩৬ মণ চালের ভাত। সব মিলিয়ে মেজবানের পেছনে ব্যয় হয়েছে আনুমানিক ১৫ লাখ টাকা। বিপুল এই আয়োজন সামলাতে কাজ করেছেন গ্রামের দুই শতাধিক তরুণ ও স্বেচ্ছাসেবক।

অভাবের দিনে শুরু, ছয় দশকের ঐতিহ্য

১৯৬৬ সাল। তখন নুরুদ্দীন খানের বয়স ২৫ বছর। পাকিস্তান আমলে কৃষি উন্নয়ন করপোরেশনে থানা ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি। কার্তিক মাসে গ্রামের মানুষের অভাব-অনটন দেখে তাদের একবেলা ভালো খাবার খাওয়ানোর চিন্তা থেকেই শুরু করেন এই আয়োজন। প্রথমবার ৬০ থেকে ৭০ জন মানুষকে নিয়ে বসেছিল খাবারের আসর।

শুরুর দিকে দুই-তিন মণ চাল ও ডাল দিয়ে আয়োজন করা হতো। সময়ের সঙ্গে বেড়েছে অতিথির সংখ্যা, খাবারের পরিমাণ এবং আয়োজনের পরিধি। ছোট্ট সেই উদ্যোগ এখন কয়েক হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। তবে বদলায়নি মূল উদ্দেশ্য—মানুষকে একসঙ্গে খাওয়ানো এবং সামাজিক সম্প্রীতির বন্ধন অটুট রাখা।

 

 

 

নুরুদ্দীন খান বলেন, প্রায় ৬০ বছর ধরে এই আয়োজন করছেন তিনি। ছোট পরিসরে শুরু করেছিলেন। তখন দুই-তিন মণ চাল-ডাল দিয়ে মানুষকে খাওয়াতেন। এবার ৯ হাজার মানুষকে দাওয়াত দিয়েছিলেন। তবে উপস্থিতি আরও বেড়েছে। প্রায় ১০ হাজার মানুষ খাবার খেয়েছেন।

 

তিনি জানান, এলাকার হতদরিদ্র মানুষ, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে আসেন। সবাইকে একবেলা তৃপ্তি করে খাওয়ানো এবং মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি ধরে রাখাই তাঁর মূল লক্ষ্য। যত দিন বেঁচে থাকবেন, তত দিন এই আয়োজন চালিয়ে যেতে চান তিনি।

পারিবারিক এই ঐতিহ্য ধরে রাখতে নুরুদ্দীন খানের চার ছেলেও সহযোগিতা করছেন। তারা প্রত্যেকেই ব্যবসার সঙ্গে যুক্ত। বাবার শুরু করা আয়োজনকে এগিয়ে নিতে প্রতিবছর পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করেন।

১৬ চুলায় রান্না, কর্মযজ্ঞে গ্রামের তরুণরা

এত মানুষের খাবারের আয়োজন এক দিনে সম্ভব নয়। তাই শুক্রবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় প্রস্তুতি। রান্নার জন্য তৈরি করা হয় ১৬টি চুলা। একদিকে বিপুল পরিমাণ গরুর মাংস ও ডাল রান্না, অন্যদিকে ভাত প্রস্তুত এবং অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা—সব মিলিয়ে পুরো গ্রামজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।

শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় খাবার পরিবেশন। চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রতি দফায় প্রায় ১ হাজার ২০০ জনকে খাবার দেওয়া হয়। আট দফায় খাবার পরিবেশন শেষ হওয়ার পরও অতিথিদের আসা অব্যাহত ছিল। বিশাল এই আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে গ্রামের প্রায় ২০০ থেকে ৩০০ তরুণ ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

 

আয়োজনের তদারকির দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন খান বলেন, দুই দিন ধরে গ্রামের তরুণেরা সম্মিলিতভাবে প্রস্তুতি ও পরিচালনার কাজ করেছেন। বাইরের লোকের ওপর নির্ভর না করে গ্রামের ছেলেরাই রান্না থেকে শুরু করে অতিথিদের বসার ব্যবস্থা ও খাবার পরিবেশনসহ সব দায়িত্ব সামলেছেন।

খাবার পরিবেশনের দায়িত্বে থাকা স্থানীয় যুবক শান্ত বলেন, প্রতি দফায় প্রায় ১ হাজার ২০০ মানুষকে খাবার দেওয়া হয়েছে। আট দফায় খাবার পরিবেশন শেষ হওয়ার পরও অতিথিদের আসা অব্যাহত ছিল। স্থানীয় প্রায় ২০০ জন এই কাজে অংশ নিয়েছেন।

খাবারের আয়োজনে সম্পর্কের বন্ধন

এই মেজবান শুধু খাবার গ্রহণের আয়োজন নয়, বরং আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকার মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক দৃঢ় করার উপলক্ষ। প্রতিবছর এই আয়োজনকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অতিথিরা। পুরোনো পরিচিতদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, নতুনদের সঙ্গে পরিচয় আর একসঙ্গে খাবার গ্রহণে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

দরিরামপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ বলেন, প্রতিবছরই এই আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজক পরিবারের সদস্য নাইমুল হক খান তাঁর সরাসরি ছাত্র। শিক্ষার্থী ও এলাকার মানুষের এমন উদ্যোগে তিনি আনন্দিত। এত মানুষের অংশগ্রহণে এলাকায় আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে।

 

 

 

ত্রিশাল থেকে আসা স্মৃতি আক্তার বলেন, আয়োজক পরিবারের আত্মীয় হিসেবে প্রতিবছরই তিনি এই অনুষ্ঠানে আসেন। এত মানুষের সমাগম, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং সবার সঙ্গে একসঙ্গে খাবার খাওয়ার বিষয়টি তাঁর কাছে খুব ভালো লাগে।