নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কালিয়া পৌরসভার বেন্দারগ্রামে এ তাণ্ডব চলে।
এর মধ্যে সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়রের বাড়ি রয়েছে। যদিও এসব তাণ্ডবের কথা অস্বীকার করেছেন বিএনপি নেতারা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কালিয়া পৌরসভা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মোটরসাইকেল মিছিলকালে গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বেন্দারচর এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হাতে নিহত হন। অভিযোগ উঠেছে, এই হত্যাকাণ্ডের জের ধরে নিহতদের স্বজনেরা শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বেন্দারচর গ্রামের প্রতিপক্ষের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন নড়াইল-১ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, সাবেক মেয়র বিএম একরামুল হক টুকুসহ তাঁদের পক্ষের নেতাকর্মীরা। অগ্নিসংযোগের ঘটনায় বেন্দা গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পুরো গ্রামজুড়ে যেন পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে। অবশিষ্ট মালামাল যা আছে, তা নিয়ে আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
ভুক্তভোগী লিটন শেখের স্ত্রী মরিয়ম বেগম ও মাসুদা হক জানান, শুক্রবার বিকাল থেকে অনেক লোকজন এসে বেন্দারচর গ্রামে একের পর এক বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। বাড়িঘর পুড়িয়ে দেওয়ায় তাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই। এখন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিতে হবে তাঁদের।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পোড়ানোর খবর ছড়িয়ে পড়লেও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, রাজনৈতিক কারণে শুধু সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অন্য কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁদের জানা নেই।
এদিকে সাংবাদিকদের দেখে চড়াও হন নিহত সোহেল মোল্যার ভাই মাসুদ রানা। তিনি ভাঙচুরের কথা অস্বীকার করেন এবং ভাই হত্যার বিচার দাবি করেন।
অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের কথা অস্বীকার করে বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপির বা নিহতের পরিবারের কেউ এসবের সঙ্গে জড়িত নন। অন্য কেউ এসব ঘটনা ঘটিয়েছে কি না, তাও তিনি জানেন না। ফেসবুকে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চলছে।
এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। ২০-৩০টি বাড়িঘর ভাঙচুর হয়েছে।
এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দুজন প্রতিমন্ত্রী ও স্থানীয় বিএনপি নেতারা নিহতদের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।