সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানই ছিল তার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান। এ সময় একজন সন্তান হিসেবে মায়ের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে সঙ্গত কারণেই আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমার মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তার জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন।’
তিনি বলেন, ‘দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে খালেদা জিয়া কখনো প্রধানমন্ত্রী, কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে স্বগৌরবে অংশ নিয়েছেন। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এসে বারবার সেই স্মৃতির কথাই মনে পড়ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফেরাত কামনা করছি। একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি।’
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে তারেক রহমান জানান, বাংলাদেশের জাতীয় ইতিহাস ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিবসগুলোর মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক দিনটির স্মরণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি সেনাবাহিনীর জন্য অনন্য গৌরবের ইতিহাস এবং একই সঙ্গে প্রেরণার উৎস।’
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাকে আন্দোলিত করে। মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, এটিও বাহিনীর জন্য গর্বের বিষয়।