বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ-৬) কনসোলে মুক্তি পেলেও ব্যক্তিগত কম্পিউটারে খেলার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস এখনো পিসি সংস্করণের মুক্তির তারিখ ঘোষণা করেনি। তবে গেমিংবিষয়ক সংবাদমাধ্যম গেমসবিটের এক প্রতিবেদনের বরাতে ভিস জানাচ্ছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে পিসিতে আসতে পারে গেমটি।
ভিসের ২০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রকস্টারের পরিকল্পনা সম্পর্কে জানেন—এমন চারজন শিল্পসংশ্লিষ্ট সূত্র গেমসবিটকে জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে পিসি সংস্করণ প্রকাশের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানের। তবে রকস্টার এ সময়সীমা নিশ্চিত করেনি।
চলতি বছরের ১৯ নভেম্বর ‘প্লেস্টেশন ৫’ এবং এক্সবক্স সিরিজ ‘এক্স’ ও ‘এস’-এর জন্য মুক্তি পেয়েছে ‘জিটিএ-৬’। তবে মুক্তির সময় পিসি সংস্করণ রাখা হয়নি। ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, রকস্টার সাধারণত আগে কনসোলের জন্য গেম প্রকাশ করে, পরে পিসি সংস্করণ আনে। এর আগে ‘জিটিএ-৫’ কনসোলে মুক্তির প্রায় ১৯ মাস পর পিসিতে এসেছিল।
পিসি গেমারও ১৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে গেমটির পিসি সংস্করণের অপেক্ষার কথা তুলে ধরেছে। সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ সম্পাদক ক্রিস্টোফার লিভিংস্টন প্লেস্টেশন ৫-এ প্রায় ১০০ ঘণ্টা গেমটি খেলার অভিজ্ঞতা তুলে ধরে লিখেছেন, পিসিতে এলে গেমটি আরও ভালো অভিজ্ঞতা দিতে পারে। বিশেষ করে পিসিতে গেমের পরিবর্তিত সংস্করণ বা মোড ব্যবহারের সুযোগ নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, সংবাদমাধ্যম ম্যাশেবলও জানিয়েছে, পিসি সংস্করণের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। তবে গেমসবিটের প্রতিবেদনের ভিত্তিতে ২০২৭ সালের প্রথম প্রান্তিকে এটি আসার সম্ভাবনার কথা উল্লেখ করেছে তারা। রকস্টারের আগের গেমগুলোর পিসি সংস্করণ প্রকাশে দীর্ঘ বিরতির নজির থাকলেও জিটিএ-৬-এর ক্ষেত্রে অপেক্ষা তুলনামূলক কম হতে পারে।