Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় থানা থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার পর এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মিছিল নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার শহরজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় ওইসব আসামিকে ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পিছু হটে পুলিশ। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

থানার ভেতরে আগুন দেওয়ার ঘটনায় একাধিক ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে থানার ভেতরে ভাঙচুর চালাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলা স্লোগানও দেন।

এদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাত ৯টার দিকে আগুন দেওয়ার সময় পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ বলেন, এমপি জিলানীর পাটগাতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তারা খবর পেয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের আন্দোলনের কারণে তারা স্টেশন থেকে বের হতে পারছিলেন না। স্থানীয় কিছু লোক আগুন নেভাতে যান।

স্থানীয়দের বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জিলানীর পাটগাতি গ্রামের বাড়িতে যান। মিছিলকারীরা চড়াও হলে বাড়ির লোকজন ঘর ছেড়ে চলে যান। পরে মিছিলকারীরা সেখানে আগুন ধরিয়ে দেন।

রাস্তায় ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ কারণে গ্রামের লোকজন পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

অথচ মঙ্গলবার সকাল থেকে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল শান্ত। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনায় পুলিশ মোতায়েন ছিল। গোপালগঞ্জ-পাটগাতী সড়ক, জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত এলাকায় বিজিবির সাঁজোয়া যান টহল দেয়। বিপণিবিতান খোলা ছিল। দূরপাল্লার বাসসহ গণপরিবহন চলাচলও ছিল স্বাভাবিক।

শহরের ঘোনাপাড়া, এলজিইডি, বেদগ্রাম, পুলিশ লাইনস ও যুগশিখা মোড়সহ বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

এদিকে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় গোপালগঞ্জে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।

তিনি বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তারা। দায়িত্ব পালনের সময় কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করা হবে না। শব্দ, বাঁশি ও বিভিন্ন কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।

এর আগে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়। একই দিন টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাড়ি, দোকানপাট, যুবদলের কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

গত সোমবার তালা ভেঙে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভা করেন দলটির নেতাকর্মীরা। এর পরদিনই থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।