Image description

গুলশান, বনানী ও বারিধারার পয়ঃবর্জ্য লেক ও জলাশয়ে না ফেলে দাশেরকান্দি পয়ঃশোধনাগারে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রায় ৯৯৪ কোটি টাকা ব্যয়ে নতুন একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ১৪০ কিলোমিটার পয়ঃলাইন নির্মাণ করা হবে। প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

শুধু এ প্রকল্পই নয়- সড়ক, সেতু, নদীভাঙন প্রতিরোধ, খাল খনন, স্বাস্থ্য ও শিক্ষা অবকাঠামো উন্নয়নসহ মোট ৩৪ হাজার ৬৬৭ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ের ২১টি প্রকল্প উঠছে একনেকের সভায়।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ২১টি প্রকল্পের মধ্যে নতুন ১৪টি, সংশোধিত পাঁচটি এবং মেয়াদ বাড়ানোর দুটি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন প্রস্তাব করা হয়েছে ৩৪ হাজার ২৩২ কোটি ৭২ লাখ টাকা। প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

একনেকে উঠতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ঢাকা ওয়াসার ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)’। ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্প ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৯ সালের ডিসেম্বরে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

প্রকল্পের আওতায় ১৪০ কিলোমিটার পয়ঃলাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৪৫ কোটি ৭৫ লাখ টাকা। এ ছাড়া ছয়টি পয়ঃবর্জ্য উত্তোলন ও পাম্পিং স্টেশন নির্মাণে ৬ কোটি ৭০ লাখ টাকা এবং পয়ঃলাইন পরিষ্কারের যন্ত্রপাতি কিনতে ২ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

ঢাকা ওয়াসার স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান অনুযায়ী, ঢাকা মহানগরীর পয়ঃসেবা নিশ্চিত করতে পাঁচটি পয়ঃশোধনাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীনের অর্থায়নে নির্মিত দাশেরকান্দি পয়ঃশোধনাগারটি ২০২৩ সালের ১ জুলাই থেকে ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

তবে পর্যাপ্ত পয়ঃবর্জ্য সংগ্রহ নেটওয়ার্ক না থাকায় শোধনাগারটির সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বিশেষ করে শুষ্ক মৌসুমে পয়ঃবর্জ্যের অভাবে এটি কার্যকরভাবে চালু রাখা কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে গুলশান, বনানী ও বারিধারার পয়ঃবর্জ্য হাতিরঝিল এলাকার রাস্তার নিচ দিয়ে দাশেরকান্দি শোধনাগারে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, কালাচাঁদপুর, জোয়ারসাহারা এবং বাড্ডার শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় পয়ঃলাইন নির্মাণ করা হবে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, গুলশান, বনানী ও বারিধারা এলাকার পয়ঃবর্জ্য সংগ্রহ করে শোধনাগারে নেওয়া সম্ভব হলে সংশ্লিষ্ট লেক ও জলাশয়ের দূষণ উল্লেখযোগ্যভাবে কমবে। এতে পরিবেশের মানও উন্নত হবে।

একনেকের নোটিশ সূত্রে জানা গেছে, সভায় উঠতে যাওয়া ২১টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি প্রকল্প স্থানীয় সরকার বিভাগের। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প রয়েছে। এ ছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পও রয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচসুবিধা বাড়ানোর উদ্যোগ রয়েছে। এ ছাড়া জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বিভিন্ন এলাকা রক্ষার প্রকল্প রয়েছে। ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পও অনুমোদনের জন্য উঠছে।

সড়ক অবকাঠামো উন্নয়নে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্প রয়েছে। পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

শিক্ষা খাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পের সংশোধনী একনেকে উপস্থাপন করা হবে। স্বাস্থ্য খাতে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় বিমানবাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামো উন্নয়ন, চরফ্যাশনে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণের প্রকল্পও রয়েছে।

এদিকে পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হবে। এগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি নদী ও বুড়ি নদী পুনঃখনন প্রকল্প, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (মৎস্য অধিদপ্তর পার্ট), জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন প্রকল্প।

এ ছাড়া রয়েছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদারকরণ, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলজ ইকোসিস্টেম সংরক্ষণ (ইউএসএআইডি প্রকল্প), দেশের মহাসড়কে বিদ্যমান সরু বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তিতে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প।