জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও তাপপ্রবাহে বিপর্যস্ত হচ্ছে মানুষের জীবন-জীবিকা।
এবার এই অভিযোগটি সামনে নিয়ে এলেন প্যারিস জলবায়ু চুক্তির অন্যতম প্রধান স্থপতি ও আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ লরেন্স তুবিয়ানা। তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানের প্রাক্কালে কালের কণ্ঠের প্রশ্নের জবাবে লরেন্স তুবিয়ানা বলেন, ‘কপ২৮-এর পর থেকে তেল রপ্তানিকারক দেশগুলো জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের প্রক্রিয়া ধীর করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুবাই সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের যে সিদ্ধান্ত হয়েছিল, তা তারা পছন্দ করেনি।
জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণে তেলসমৃদ্ধ দেশগুলোর বিরোধিতার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা ড. সাইমুম পারভেজ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে কথা বলছি। একটি দেশের অর্থনীতিকে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে নিয়ে যাওয়া সহজ নয়। জীবাশ্ম জ্বালানিনির্ভর দেশগুলো নিজেদের অর্থনৈতিক স্বার্থ ও জীবিকার কথা চিন্তা করে বাধা দিচ্ছে।
এদিকে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিভক্তি ক্রমেই স্পষ্ট হচ্ছে। বিশেষ করে গত সোমবার প্রকাশিত সম্মেলনের প্রথম খসড়া সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার প্রস্তাব থাকলেও দেশগুলো একমত হতে পারেনি।
প্রকাশিত খসড়াটি ঘেঁটে দেখা গেছে, এতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে দুটি প্রস্তাব রাখা হয়েছে। একটিতে ২০২৩ সালের দুবাই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের কথা বলা হয়েছে। অন্যটিতে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধে আরো দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রয়েছে। তবে কোন প্রস্তাব শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
জানা গেছে, খসড়াটি তৈরি করা হয়েছে ১৬০টির বেশি দেশের প্রস্তাবের ভিত্তিতে। এতে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলোর সঙ্গে সব দেশ একমত নয়। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ নতুন নয়। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার চেষ্টা চালানোর অঙ্গীকার করেছিল দেশগুলো। আট বছর পর দুবাইয়ের কপ২৮ সম্মেলনে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের কথা চূড়ান্ত সিদ্ধান্তে স্থান পায়। কিন্তু তেল, গ্যাস ও কয়লার ব্যবহার বন্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক হয়নি। লরেন্স তুবিয়ানার অভিযোগ, ওই সিদ্ধান্তের পর থেকেই তেল রপ্তানিকারক দেশগুলো উত্তরণের গতি কমানোর চেষ্টা করছে। এই অভিযোগের পক্ষে জীবাশ্ম জ্বালানির উত্পাদন পরিকল্পনায়ও বড় ধরনের অসংগতি পাওয়া যাচ্ছে। স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউট, ক্লাইমেট অ্যানালিটিকস ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘প্রোডাকশন গ্যাপ রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের সরকার ২০৩০ সালে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি উত্পাদনের পরিকল্পনা করেছে, তা বৈশ্বিক উষ্ণতা দেড় ডিগ্রির মধ্যে রাখার উপযোগী উত্পাদনের দ্বিগুণেরও বেশি।
প্রতিবেদনে বিশ্বের প্রধান ২০টি জীবাশ্ম জ্বালানি উত্পাদনকারী দেশের পরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে। এসব দেশ বিশ্বের মোট জীবাশ্ম জ্বালানি উত্পাদনের ৮২ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। দেখা গেছে, ২০টির মধ্যে ১১টি দেশ অন্তত একটি জীবাশ্ম জ্বালানির স্বল্পমেয়াদি উত্পাদন পরিকল্পনা ২০২৩ সালের তুলনায় বাড়িয়েছে। অর্থাত্ আন্তর্জাতিক সম্মেলনে ব্যবহার কমানোর অঙ্গীকার করা হলেও বাস্তবে উত্পাদন বাড়ানোর পরিকল্পনা অব্যাহত রয়েছে। লরেন্স তুবিয়ানা জলবায়ুবিজ্ঞানকে ঘিরে রাজনৈতিক বিতর্কের বিষয়েও উদ্বেগ জানিয়েছেন। তাঁর বক্তব্যে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রতিবেদন নিয়ে সমালোচনা ও আক্রমণের প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, এসব প্রতিবেদন প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বিশেষজ্ঞরা তৈরি করেন। অথচ জলবায়ু বিষয়ে বৈজ্ঞানিক মূল্যায়নকেও রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে।
জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ বিলম্বিত হওয়ার বড় মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। জাতিসংঘে জমা দেওয়া বাংলাদেশের তৃতীয় জাতীয় জলবায়ু পরিকল্পনা (এনডিসি ৩.০) অনুযায়ী, জলবায়ু দুর্যোগে দেশে প্রতিবছর প্রায় ৩০০ কোটি ডলারের ক্ষতি হচ্ছে। অথচ এসব দুর্যোগ মোকাবেলায় অভিযোজন খাতে বছরে প্রয়োজন ৮৫০ কোটি ডলার। অর্থায়ন হচ্ছে প্রায় ৪০০ কোটি ডলার। অর্থাত্ প্রতিবছর ঘাটতি ৪৫০ কোটি ডলার।
একই পরিকল্পনা অনুযায়ী, জলবায়ু অভিযোজনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণেও বিপুল বিনিয়োগ প্রয়োজন বাংলাদেশের। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ। কিন্তু তেলসমৃদ্ধ দেশগুলোর বাধায় জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বৈশ্বিক উদ্যোগ বিলম্বিত হলে বাংলাদেশের মতো দেশগুলোর জলবায়ু ঝুঁকি আরো বাড়তে পারে।
এদিকে মঙ্গলবার কপ৩১ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু কমিশনার ওপকে হুকস্ট্রা পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের বিষয়ে শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ দ্রুত ও ধারাবাহিকভাবে কমানোর বিষয়ে এই সম্মেলন থেকে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। কিন্তু আলোচনায় বিভিন্ন বিষয় যুক্ত হওয়ায় নিঃসরণ কমানোর মূল লক্ষ্য থেকে মনোযোগ সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। কপ৩১-এর প্রথম খসড়ায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অভিযোজন অর্থায়ন ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ১২ হাজার কোটি ডলারে উন্নীত করার প্রস্তাবও রয়েছে। অর্থায়ন বাড়ানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত উত্তরণ এবং বিদ্যুতের ব্যবহার বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে এসব বিষয়ে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি।