Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের রাজনীতিতে একাধিক বলয় সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন কমিটি পুনর্গঠনে বিলম্বের পাশাপাশি সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা, মাদক, চাঁদাবাজি, নারী শিক্ষার্থীকে হয়রানি এবং শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

গত ৪ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল, চারজনের বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করে।

এর আগে ২১ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে হাসান নামের এক শিক্ষার্থীকে বহিরাগতদের নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে তৎকালীন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবের বিরুদ্ধে। পরে গত ১৫ আগস্ট নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলসহ পুলিশের হাতে আটক হন এই ছাত্রদল নেতা।

গত ১৫ সেপ্টেম্বর শিবিরের ‘স্পাই’ সন্দেহে গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আসিফকে রাতভর মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারী শিক্ষার্থীকে ছুরি ও অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি ও হয়রানির অভিযোগ রয়েছে ছাত্রদলকর্মী মহসিন আলমের বিরুদ্ধে। এছাড়া চলতি বছরের এপ্রিলে পরিবহণ মার্কেটে ফটোকপির দাম দেওয়াকে কেন্দ্র করে দোকানি ও কর্মচারীর ওপর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফির নেতৃত্বে হামলা হয়।

গত বছরের ১ সেপ্টেম্বর রাত ১১টার পর হলে প্রবেশের অভিযোগে জুলাই-৩৬ হলের ৯১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে ছাত্রদলের শাহ মখদুম হল শাখার তৎকালীন সহসভাপতি আনিসুর রহমান মিলনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে মন্তব্য করায় তাকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় ছাত্রদল।

শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে সংগঠনটির নেতাদের বিরুদ্ধে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ছাত্রদলের তৎকালীন সহসভাপতি বুলবুল রহমান সামাজিকমাধ্যমে উর্দু বিভাগের দুই শিক্ষককে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিভাগে শিক্ষক নিয়োগ নিয়ে বিভাগ সভাপতি ও সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে বাগ্বিতণ্ডা, অসদাচরণ ও হুমকিও দেন তিনি। এমনকি সিন্ডিকেট সভা চলাকালে উপাচার্যের বাসভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এসব ঘটনায় তার প্রত্যয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় বিভাগীয় একাডেমিক কমিটি।

এ বছরের এপ্রিলে শাখা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম তৎকালীন ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনককে কমেন্টে হুমকি দেন ‘শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।’

চাঁদাবাজির অভিযোগও রয়েছে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ২০২৪ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় এবং রুয়েটসংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় ছাত্রলীগের সাবেক দুই নেতাকে মারধর করা হয়। পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা জাকির হোসেন, তাকবীর আহমেদ ইমনসহ কয়েকজনের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, তাদের কাছ থেকে ১০ হাজার ১০০ টাকা নেওয়া হয় এবং আরও ৪০ হাজার টাকা না দিলে মারধর করে পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে অভিযুক্তরা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাদের এক ছোট ভাইয়ের পাওনা টাকা আদায় করে দিয়েছেন।

বহিষ্কার নেতাদের কয়েকজনকে আবারও কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ আছে। এতে নেতাকর্মীদের জবাবদিহি এবং সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আগের ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেজন্য তাদের আবারও দলে স্থান দেওয়া হয়েছে।’

একাধিক বলয়ে বিভক্ত নেতৃত্ব : রাবি ছাত্রদলের অভ্যন্তরীণ রাজনীতিতে একাধিক নেতাকে কেন্দ্র করে পৃথক বলয় সক্রিয় থাকার কথা জানিয়েছে সংগঠনটির একাধিক সূত্র। এসব বলয়ের কেন্দ্রে সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের নাম এসেছে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান, সহসভাপতি শরীফ মাহমুদ, ফয়জুল ইসলাম অমি ও শাহ মোহাম্মদ কাফী, আবীর এবং হবিবুর রহমান হল শাখার সভাপতি হাবিবুল বাশার প্রিন্সকে ঘিরেও পৃথক বলয় থাকার তথ্য পাওয়া গেছে।

তবে সংগঠনটির কয়েকজন নেতা গ্রুপিংকে নেতৃত্বের প্রতিযোগিতা হিসাবে দেখছেন। সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুর ভাষ্য, ছাত্রদলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। যারা নতুন কমিটিতে সভাপতি বা সাধারণ সম্পাদক হতে চান তারা নিজেদের সক্ষমতা তুলে ধরার চেষ্টা করেন।’