Image description

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কিছু কোম্পানি বছর শেষে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে মাত্র ১ পয়সা। ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ারের বিপরীতে এ লভ্যাংশ এতটাই সামান্য যে, এক হাজার শেয়ার ধরে রেখেও বছর শেষে মিলছে মাত্র ১০ টাকা। অথচ বিনিয়োগ ধরে রাখতে বিও হিসাবসহ বিভিন্ন খরচ বহন করতে হচ্ছে বিনিয়োগকারীদের। এমন পরিস্থিতিতে নামমাত্র লভ্যাংশ দিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে কার্যত উপহাস করা হচ্ছে কি না, সে প্রশ্ন উঠেছে। এতে পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ আরও কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

গত বুধবার পর্যন্ত কোম্পানিভিত্তিক বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও লভ্যাংশ ঘোষণার তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ৫ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে অন্তত ৫০টি কোম্পানি। এর মধ্যে ১৯টি কোম্পানির লভ্যাংশের হার ০.১০ থেকে ০.৫০ শতাংশ। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাচ্ছেন মাত্র ১ থেকে ৫ পয়সা। বাজারসংশ্লিষ্টদের মতে, আর্থিক সক্ষমতার দুর্বলতা এবং ‘জেড’ ক্যাটাগরির বিধিনিষেধ এড়ানোর প্রবণতা—দুই কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ০.১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আমরা নেটওয়ার্কস, ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল, কাট্টলী টেক্সটাইল, এমএল ডাইং, মাস্টার ফিড অ্যাগ্রোটেক, মুন্নু ফেব্রিকস, সিলভা ফার্মাসিউটিক্যালস ও ভিএফএস থ্রেড ডাইং। এর মধ্যে কয়েকটি কোম্পানি উদ্যোক্তা ও পরিচালকদের বাদ দিয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশের প্রস্তাব করেছে।

এ ছাড়া অ্যাডভেন্ট ফার্মা ০.১৫ শতাংশ বা ১ দশমিক ৫ পয়সা, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ০.২০ শতাংশ বা ২ পয়সা এবং আমরা টেকনোলজিস, বিবিএস কেবলস, ওরাইজা অ্যাগ্রো ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ০.২৫ শতাংশ বা ২ দশমিক ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশের হার ০.২২ শতাংশ বা শেয়ারপ্রতি ২ দশমিক ২ পয়সা। জিবিবি পাওয়ার, সিলকো ফার্মাসিউটিক্যালস ও ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের লভ্যাংশের হার ০.৫০ শতাংশ বা শেয়ারপ্রতি ৫ পয়সা। অর্থাৎ এসব কোম্পানির এক হাজার শেয়ার থাকলেও বছর শেষে লভ্যাংশ মিলবে মাত্র ১০ থেকে ৫০ টাকা।

কোম্পানিগুলোর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ১ শতাংশ লভ্যাংশের প্রস্তাব রয়েছে আফতাব অটোমোবাইলস, আল-হাজ টেক্সটাইল মিলস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন স্পিনিং মিলস, ই-জেনারেশন, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, লেগাসি ফুটওয়্যার, নাভানা সিএনজি ও রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ ও তশরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশের হার ১ দশমিক ৫০ শতাংশ।

২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাংলাদেশ অটোকার্স, বারাকা পাওয়ার, দেশ গার্মেন্টস, নিয়ালকো অ্যালয়েজ, ওমেক্স ইলেকট্রোড, ওরিয়ন ইনফিউশন, কুইন সাউথ টেক্সটাইল মিলস ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এসকোয়ার নিট কম্পোজিটের প্রস্তাবিত লভ্যাংশও ২ শতাংশ; তবে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকরা নিজেদের লভ্যাংশ মওকুফ করেছেন।

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল দিয়েছে ২ দশমিক ২৫ শতাংশ। অন্যদিকে অগ্নি সিস্টেমস, ইভিন্স টেক্সটাইলস, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশের হার ২ দশমিক ৫০ শতাংশ। এ ছাড়া বঙ্গজ লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস, ইফাদ অটোস ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব করেছে।

পুঁজিবাজারের বিধান অনুযায়ী, কোনো কোম্পানি টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে সেটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের বিধান রয়েছে। এ ছাড়া নির্ধারিত সময়ে এজিএম না করা, টানা ছয় মাস কার্যক্রম বন্ধ থাকা এবং পরিশোধিত মূলধনের চেয়ে সঞ্চিত লোকসান বেশি হওয়ার মতো কারণেও কোনো কোম্পানি জেড ক্যাটাগরিতে যেতে পারে। জেড ক্যাটাগরিতে গেলে শেয়ার লেনদেন নিষ্পত্তি ও উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর হয়। মার্জিন ঋণ সুবিধাও পাওয়া যায় না। এতে কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা থাকে।

বাজার বিশ্লেষকদের মতে, এসব বিধিনিষেধ ও নেতিবাচক ভাবমূর্তি এড়াতে কোনো কোনো কোম্পানি নামমাত্র লভ্যাংশ ঘোষণা করছে কি না, তা খতিয়ে দেখা দরকার। কারণ, শেয়ারপ্রতি ১ বা ২ পয়সা লভ্যাংশ ঘোষণা করলেই কোম্পানির আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, এমনটি বলা যায় না।

এ বিষয়ে তিনটি কোম্পানির কোম্পানি সচিবের সঙ্গে কথা বলেছে কালবেলা। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, গত বছর ব্যবসা ভালো না হওয়ায় সামান্য লভ্যাংশ দিতে হয়েছে। ‘জেড’ ক্যাটাগরি এড়ানোর উদ্দেশ্যে তারা এমন লভ্যাংশ ঘোষণা করেননি।

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের একটি বিও হিসাব সচল রাখতে প্রতিবছর ১৫০ টাকা ফি দিতে হয়। এর বাইরে ব্যাংক হিসাব পরিচালনাসহ হাউসভেদে ৪৫০ থেকে ৫০০ টাকা খরচ হয়। এর সঙ্গে রয়েছে শেয়ার লেনদেনের খরচ। ফলে কোনো কোম্পানির ১০০টি শেয়ার ধরে রেখে বছর শেষে ১ টাকা বা ২ টাকা লভ্যাংশ পাওয়া বিনিয়োগকারীদের জন্য কার্যত কোনো আর্থিক সুবিধা তৈরি করে না।

একটি ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, একটি কোম্পানির ১০০টি শেয়ার ধারণ করে বছর শেষে যদি ১০ পয়সা বা ১ টাকা পাওয়া যায়, তবে সেই লভ্যাংশের জন্য বিইএফটিএনের ব্যয়ও উঠে আসে না। এটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য অপমানজনক।

আতাউর রহমান নামের এক প্রবীণ বিনিয়োগকারী কালবেলাকে বলেন, আমরা সারা বছর কষ্টার্জিত টাকা বিনিয়োগ করে লভ্যাংশ পাচ্ছি ১ টাকা বা ২ টাকা। অথচ কোম্পানিগুলোর পরিচালকরা নিয়মিত মোটা অঙ্কের বেতন-ভাতা ঠিকই তুলে নিচ্ছেন। দামি গাড়িতে চড়ছেন।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মানিক কালবেলাকে বলেন, একজন ভিক্ষুক সকালে খালি পকেটে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় অন্তত হাজার টাকা নিয়ে ফেরেন। অথচ একজন বিনিয়োগকারী কোটি টাকা বিনিয়োগ করেও হতাশা নিয়ে বাড়ি ফেরেন। কোম্পানির ঘোষিত সামান্য লভ্যাংশ দিয়ে বিও হিসাবের রক্ষণাবেক্ষণ ও পরিচালন খরচও মেটানো সম্ভব হচ্ছে না। তাই লভ্যাংশ ঘোষণার একটি ন্যূনতম সীমা নির্ধারণ করে দেওয়া উচিত।

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম নাসির উদ্দিন কালবেলাকে বলেন, কোম্পানিগুলোর লভ্যাংশ কম দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই। তবে নামমাত্র লভ্যাংশ দেওয়া বিনিয়োগকারীদের সঙ্গে এক ধরনের তামাশা। এতে তারা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। মূলত জেড ক্যাটাগরিতে যাওয়া এড়াতেই কিছু কোম্পানি সামান্য লভ্যাংশ দিচ্ছে।

তিনি বলেন, কোনো কোম্পানি জেড ক্যাটাগরিতে না গেলে বিনিয়োগকারীদের মধ্যে সেটি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকে। তারা আশা করেন, পরবর্তী সময়ে কোম্পানিটির ব্যবসা ও আর্থিক অবস্থার উন্নতি হবে। কিন্তু শুধু জেড ক্যাটাগরি এড়াতে নামমাত্র লভ্যাংশ দেওয়ার প্রবণতা বিনিয়োগকারীদের সেই আশাকে ক্ষতিগ্রস্ত করছে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ কালবেলাকে বলেন, কিছু কোম্পানি শেয়ারপ্রতি এক-দুই পয়সা লভ্যাংশ দিচ্ছে। ভালো মুনাফা করেও বিনিয়োগকারীদের বঞ্চিত করা হচ্ছে। এ ধরনের কোম্পানির ক্ষেত্রে বিএসইসির উচিত মুনাফার অন্তত ৪০ শতাংশ লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা।

তিনি বলেন, গ্রামীণফোন, রবি ও মেরিকোর মতো বিদেশি বহুজাতিক কোম্পানি আয়ের বড় অংশ লভ্যাংশ হিসেবে বিতরণ করছে। অথচ কিছু দেশীয় কোম্পানি পর্যাপ্ত মুনাফা করেও বিনিয়োগকারীদের ন্যায্য পাওনা দিচ্ছে না। নির্ধারিত হারে লভ্যাংশ না দিলে বাড়তি কর আরোপের বিধানও রয়েছে। এনবিআরের উচিত এ বিধান কার্যকর করা।

অধ্যাপক আবু আহমেদ আরও বলেন, কোম্পানি যে বছর মুনাফা করবে, সে বছরই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়া উচিত। কারণ, বিনিয়োগকারী যে বছর শেয়ার ধারণ করেন, সে বছরের মুনাফায় তার অংশীদারত্ব থাকে। মুনাফা করেও লভ্যাংশ না দেওয়া বিনিয়োগকারীদের প্রতি অন্যায়। আয় গোপন করে বা পর্যাপ্ত মুনাফার পরও নামমাত্র লভ্যাংশ দেওয়া এক ধরনের প্রতারণা। এ বিষয়ে বিএসইসির কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আবুল কালাম কালবেলাকে বলেন, কোনো কোম্পানি কত শতাংশের নিচে লভ্যাংশ দিতে পারবে না, তা আইনে এখন পর্যন্ত নির্দিষ্ট করা নেই।