Image description

ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক সারের ডিলারশীপের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাকে না দিয়ে ডিলারশীপ দেয়া হয় আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিকে। তিনি এর প্রতিবাদ করায় পুলিশি হয়রানির মুখে তাকে ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে থাকতে হয়েছে। অন্যদিকে চরম আর্থিক সঙ্কটে থাকা ঢাকা মহানগর ছাত্রদলের এক নেতা ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য চুল কাটা ও বেল্ট কেনার সামর্থ্য না থাকায় সাবেক এক ছাত্র নেতার কাছে ৫০০ টাকা সহযোগিতা চান। এই চিত্র কেবল মোস্তাক কিংবা ঢাকা মহানগর ছাত্রদল নেতার নয়, এটি বিএনপি ও অঙ্গসংগঠনের বেশিরভাগ ত্যাগী নেতাকর্মীদের দুরবস্থার উদাহরণ।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় এবং সেই দলের নেতাকর্মীরা সম্মান নিয়ে টিকে থাকতে লড়াই করছেন তখন নব্য বিএনপি-হাইব্রিড, আওয়ামী লীগের সুবিধাভোগিরা কাজ করছেন দাপটের সঙ্গে। সরকারের প্রায় সকল উন্নয়নমূলক কাজের ঠিকাদারী পাচ্ছেন তারা, বাদ যাচ্ছে না গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, ডিলারশীপসহ অন্যান্য সুযোগ-সুবিধাও। ফলে এই সময়ে এসেও অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছেন আওয়ামী সুবিধাভোগীরা আর আগের মতোই পথে পথে ঘুরছেন বিএনপি নেতাকর্মীরা। ফলে বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্র ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগে দুঃশসানের সময় হামলা, মামলা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন দলের অসংখ্য কর্মী। এই দীর্ঘ সময়ে অনেকের ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়েছে, অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছেন এবং অসংখ্য ছাত্রনেতার শিক্ষাজীবন ব্যাহত হয়েছে। অনেকে পৈতৃক সম্পত্তি বিক্রি করে মামলার খরচ চালিয়েছেন। ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী শিক্ষাজীবন শেষ করতে পারেননি, অনেকের সরকারি চাকরিতে প্রবেশের বয়স পেরিয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করা এই বিশাল জনগোষ্ঠী এখন কোনো অবৈধ উপার্জন বা চাঁদাবাজি চায় না; তারা চায় রাষ্ট্রের উন্নয়ন কর্মকা-ে বৈধভাবে অংশগ্রহণ করে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে।

তারা বলেন, দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ন হিসেবে তারা বৈধভাবে সরকারের উন্নয়নমূলক কর্মকা-ে সংশ্লিষ্ট হতে চান, সুযোগ চান কাজের। কিন্তু সেটির পরিবর্তে অভিজ্ঞতার অজুহাত, আমলাতান্ত্রিক জটিলতা, স্বজনপ্রীতি, অনৈতিক সুবিধার মাধ্যমে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, নব্য ও হাইব্রিড বিএনপি নেতাকর্মীদের। নেতাকর্মীদের একটি বড় অংশের অভিযোগ, সরকারের কিছু মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রশাসনের একটি অংশের অসহযোগিতার কারণে তারা বঞ্চিত হচ্ছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং মাঠ প্রশাসনের আমলারা সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) এবং ‘অভিজ্ঞতার বাধ্যবাধকতা’র দোহাই দিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কাজ থেকে বঞ্চিত করছেন।

ফলে ঘুরেফিরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী ঠিকাদার ও সিন্ডিকেটের হাতেই চলে যাচ্ছে উন্নয়ন প্রকল্পের কাজ। এতে একদিকে যেমন বিগত সরকারের দোসররা অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে, অন্যদিকে বিগত ১৭ বছর সব হারানো বিএনপি নেতাকর্মীরা আগের মতোই নিঃস্ব অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরছেন বলে অভিযোগ উঠেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার বলেন, প্রকৃত ত্যাগী যারা তারা মূল্যায়ণ পাচ্ছে না। যারা দায়িত্বে আছেন বা দায়িত্ব পেয়েছেন তারা হয়তো অনভিজ্ঞ না হয় অবজ্ঞা করছেন। নেতাকর্মীদের মধ্যে এখন প্রশ্ন জাগছে যে, সরকার কি নির্দিষ্ট কোন গোষ্ঠী বা বিশেষ একটি শ্রেণিকে সুবিধা দিচ্ছে কিনা? এটি নিয়ে প্রকাশ্যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছে। এটি দলের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যান্ত ত্যাগীদের মূল্যায়ণ করতে হবে। প্রয়োজনে একটি বিশেষ সেল করে কারা বিগত দিনে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কাদেরকে কিভাবে মূল্যায়ণ করা যায়, কাজে লাগানো যায় সেটি বিবেচনায় নিতে হবে।
সরকারের একটি অধিদপ্তরের বিএনপিপন্থী শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, এমডি ও পরিচালকদের রাজনৈতিক পরিচয় ও বিগত আমলের কর্মকা- যাচাই করা উচিত। যাতে পুরনো সিন্ডিকেট কাজ না পায়। নতুন ঠিকাদার ও তরুণ উদ্যোক্তাদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে নির্দিষ্ট সীমা পর্যন্ত সরকারি কাজে ‘পূর্ব অভিজ্ঞতা’র শর্ত শিথিল করা এবং ছোট ছোট লটে কাজ ভাগ করে দেওয়া।

বিগত আন্দোলনে যেসব নেতাকর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যবসা হারিয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন, দলীয়ভাবে যাচাই-বাছাই করে তাদের একটি প্রকৃত তালিকা তৈরি করা এবং সরকারি-বেসরকারি পুনর্বাসন প্রকল্পে তাদের অগ্রাধিকার দেওয়া। টিসিবি, ওএমএস, সার ও বীজ ডিলারশিপ এবং সরকারি হাসপাতালের পথ্য ও সরঞ্জাম সরবরাহের মতো ক্ষেত্রগুলোতে পুরনো সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন আবেদনকারীদের সুযোগ দেওয়া। যেসব কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিগত সরকারের দোসরদের কাজ পাইয়ে দিচ্ছেন বা নতুনদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ত্যাগের পর আজ যখন দল রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন সেই কর্মীদের বৈধভাবে বাঁচার ও কাজ করার সুযোগ করে দেওয়া কেবল রাজনৈতিক দায়বদ্ধতা নয়, বরং সরকারের স্থিতিশীলতার জন্যও অপরিহার্য। দ্রুত এই সমস্যার সমাধান না হলে একদিকে যেমন পুরনো অপশক্তি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে, অন্যদিকে দলের ভেতরে তৈরি হওয়া হতাশা ভবিষ্যতে বড় ধরনের সাংগঠনিক সংকটের জন্ম দিতে পারে।
নেতাকর্মীদের দাবি, তারা কোনো অবৈধ সুবিধা বা চাঁদাবাজি চান না; বরং প্রচলিত আইন ও নিয়ম মেনে সরকারি উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি, সরবরাহ এবং বিভিন্ন সরকারি পণ্যের ডিলারশিপের মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করতে চান। এর মাধ্যমে যেমন তাদের দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে, তেমনি দলের সাংগঠনিক ভিত্তিও আরও মজবুত হবে।

রানীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম বলেন, ত্যাগী নেতাকর্মীরা কোন কিছুই পাচ্ছে না, সর্বত্রই এখন হাইব্রিডদের দাপট। আর আওয়ামী প্রেমী আমলারা বেছে বেছে আওয়ামী লীগের লোকজনদের কাজ দিচ্ছে। আবার আমরা যাদের কাছে গিয়ে বলবো সেই এমপি-মন্ত্রী কিংবা দায়িত্বশীল নেতারা ব্যস্ত তাদের আত্মীয়-স্বজনদের নিয়ে। তবে আমরা হতাশ না, আশা করি এক সময় আমাদের মূল্যায়ণ হবে।
আ.লীগ নেতার হাতে ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ : প্রশাসনিক ও দরপত্র প্রক্রিয়ার এই ফাঁকফোকর দিয়ে কীভাবে বিগত সরকারের সুবিধাভোগীরা এখনো বড় বড় কাজ বাগিয়ে নিচ্ছেন, তার একটি বড় উদাহরণ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রাপ্ত তথ্য ও বিভিন্ন সূত্রের অভিযোগ অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তিনটি গুরুত্বপূর্ণ ঠিকাদারি কাজ পেয়েছে ‘ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান, যার মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ টাকারও বেশি। অভিযোগ উঠেছে, এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন তার স্ত্রী রামিহা আহমেদ (রোজা)।
সূত্রগুলোর দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিচয় আড়াল করতে প্রতিষ্ঠানটির নাম, ঠিকানা ও ট্রেড লাইসেন্স পরিবর্তন করে নতুন নামে এই কাজ নেওয়া হয়েছে। তবে দরপত্রে যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আগের পুরোনো প্রতিষ্ঠানের অভিজ্ঞতার সনদ। এই সিটি করপোরেশনই জুলাই হত্যা মামলার আসামীকে দিয়েছে ৮০৫ কোটি টাকার কাজ।

তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন, যে আওয়ামী লীগ নেতা বিগত সরকারের আমলে দলীয় পদ ব্যবহার করে ব্যবসার একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন, আজ বিএনপি সরকারের আমলেও তিনিই কীভাবে পুরনো সনদ ব্যবহার করে ৬০ কোটি টাকার কাজ পান? আর অন্যদিকে, যে বিএনপি নেতাকর্মীরা বিগত ১৭ বছর জেল-জুলুম সহ্য করেছেন, তারা ছোট একটি কাজেরও সুযোগ পাচ্ছেন না।

ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন খান বলেন, বিগত দিনে যারা মিছিলে-আন্দোলনে ছিলাম তারা কেউ ভালো নেই। যাদেরকে পদায়ন করা হচ্ছে, কাজে লাগানো হচ্ছে তাদের বেশিরভাগই রাজপথের লোক ছিলেন না। এভাবে চলতে থাকলে সামনের দিনে ত্যাগীদের আর স্বত;স্ফূর্তভাবে মাঠে পাওয়া যাবে না।
তিনি বলেন, এই কয়েক মাসের যা দেখছি তাতে হাইব্রিডরা সুযোগ নিচ্ছে এবং নিজেদের আখের গোছাচ্ছে। যাদের কাজের সুযোগ পাওয়া উচিত, সুযোগ দেয়া উচিত, তারা কিছুই পাচ্ছে না। ফলে তারা অনৈতিক পথে যাচ্ছে কিংবা অনেকে আওয়ামী লীগের ব্যবসা-কাজে সহযোগিতা করছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমলারা আজ অভিজ্ঞতার কথা বলছেন। অথচ ডিএনসিসিতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ নেতা নাম পাল্টে পুরনো সনদ দিয়ে ৬০ কোটি টাকার কাজ নিয়ে নিচ্ছেন! গত ১৭ বছর যখন আমাদের ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, লাইসেন্স বাতিল করা হলো, তখন এই অভিজ্ঞতার আইন কোথায় ছিল? ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের ছেলেদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। তা না হলে আওয়ামী লীগের দোসররা আবারও টাকার পাহাড় গড়বে আর আমাদের কর্মীরা রাস্তায় ঘুরবেÑএটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
‘অভিজ্ঞতার’ শর্ত: এক অদৃশ্য দেয়াল :
সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সিটি করপোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ (সওজ), গণপূর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের মতো সংস্থাগুলোতে দরপত্র আহ্বানের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের কাজের ‘পূর্ব অভিজ্ঞতা’ এবং ‘টার্নওভার’-এর শর্ত দেওয়া হয়। বর্তমান প্রশাসনের কর্মকর্তারা দাবি করছেন, প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অভিজ্ঞতাসম্পন্ন ঠিকাদারদের কাজ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

তবে বিএনপির নেতাকর্মী ও ব্যবসায়ীদের প্রশ্ন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে বিএনপি সমর্থক কোনো ব্যবসায়ী বা ঠিকাদারকে সরকারি দপ্তরের আশপাশেই ঘেঁষতে দেওয়া হয়নি, যেখানে তাদের লাইসেন্স নবায়ন করা হয়নি এবং ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল, সেখানে তাদের এই ‘অভিজ্ঞতা’ তৈরি হবে কীভাবে?

তৃণমূল নেতাদের মতে, আমলাদের এই ‘অভিজ্ঞতার’ যুক্তি মূলত একটি অদৃশ্য দেয়াল, যার আড়ালে ফরিদ আহমেদের মতো পুরনো সিন্ডিকেটকে রক্ষা করা হচ্ছে। কারণ, বিগত দেড় দশকে একতরফাভাবে কাজ করার সুবাদে কেবল বিগত সরকারের ঘনিষ্ঠ ঠিকাদারদের কাছেই এই অভিজ্ঞতার সনদ রয়েছে। ফলে অভিজ্ঞতার শর্ত শিথিল না করলে বা নতুনদের জন্য বিকল্প ব্যবস্থা না রাখলে বৈধভাবেও কোনো বিএনপি নেতাকর্মীর পক্ষে কাজ পাওয়া সম্ভব নয়।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, আমাদের দলের নেতাকর্মীরা কোথাও কাজের কোন সুযোগ পাচ্ছে না। কারণ শর্তগুলো এমনভাবে করা; আমরা কাজ পাওয়ার সুযোগ নেই, ফলে আওয়ামী আমলে যারা কাজ করেছে সেই লাইসেন্সই কাজ পাচ্ছে। আবার আমরা যে কোন কিছু বলবো সেটিরও সুযোগ নেই। কিছু বললেই দল কঠোর ব্যবস্থা নিচ্ছে। ফলে আমরা চুপচাপ থাকা ছাড়া কোন উপায় নেই। তিনি বলেন, প্রশাসনে এখনো যারা আছেন তাদের অনেকেই আওয়ামী লীগের প্রতি দুর্বল, তারা নানা কৌশলে তাদেরকেই কাজ দিতে চায়। ফলে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে আর আমরা আগের জায়গাতেই আছি।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই নেতাকর্মীদের শৃঙ্খলার মধ্যে থেকে জনগণের আস্থা অর্জনের নির্দেশ দিয়ে আসছেন। নেতাকর্মীরা সেই নির্দেশ মেনে কোনো ধরনের দখলবাজি বা বিশৃঙ্খলায় জড়াননি। কিন্তু বৈধভাবে কাজ করার সুযোগ থেকেও যদি তাদের বঞ্চিত করা হয়, তবে দীর্ঘদিনের এই ত্যাগের মূল্যায়ন কীভাবে হবেÑতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

মন্ত্রী-এমপি ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
তৃণমূল পর্যায়ের একাধিক নেতার অভিযোগ, সরকারের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মাঠ পর্যায়ের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের খোঁজখবর না নিয়ে আমলাদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছেন। প্রশাসনের একটি বড় অংশ এখনো বিগত সরকারের আদর্শে বিশ্বাসী হওয়ায় তারা সুকৌশলে এমন সব শর্ত জুড়ে দিচ্ছেন, যাতে বিএনপির নতুন উদ্যোক্তা বা ঠিকাদাররা দরপত্রে অংশ নিতেই না পারেন।
এছাড়া খাদ্য অধিদপ্তরের ওএমএস ডিলারশিপ, বিসিআইসি-এর সার ডিলারশিপ, টিসিবি-র পণ্য বিক্রয় এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সরবরাহকারী নিয়োগের ক্ষেত্রেও একই ধরনের জটিলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে পুরনো ডিলারদের লাইসেন্স নবায়ন করে দেওয়া হচ্ছে অথবা এমন সব শর্ত দেওয়া হচ্ছে যা নতুনদের পক্ষে পূরণ করা কঠিন।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের ত্যাগের কথা দল অবশ্যই মনে রেখেছে। দল যার যার যোগ্যতা অনুযায়ী সাংগঠনিকভাবে মূল্যায়ণ করছে এবং করবে। আর কাজের সুযোগের ক্ষেত্রে সেটি সরকার বিবেচনা করবে।