জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখের ওপর হামলার ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং তাঁদের একজনের ফোন তল্লাশি করে ধারণকৃত ভিডিও মুছে দিয়েছেন অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহসিন। এ সময় সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি ফোন থেকে ভিডিও মুছে দেন এবং দীর্ঘ সময় ফোনটি নিজের কাছে আটকে রাখেন।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন নন্দিত টেলিভিশন এবং নিউজ ব্যুরো বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সদস্য ।
ঘটনার সূত্রপাত হয় ক্যাম্পাস মসজিদে এশার আজান চলাকালে মুক্তমঞ্চে উচ্চস্বরে গান-বাজনা বাজানোকে কেন্দ্র করে। এ সময় গান-বাজনা বন্ধের অনুরোধ জানাতে গেলে ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এতে ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখসহ কয়েকজন আহত হন।
এ ঘটনার সময় ভিডিও ধারণ করছিলেন হামিম ও সায়েম।
এ বিষয়ে শেখ হামিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাঁরা অনুষ্ঠানের পেছনের দিকে অবস্থান করছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে তাঁরা ঘটনার ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় সায়েমের মোবাইল ফোনে দুটি ভিডিও ধারণ করা হয়। পরে তাঁর বন্ধু হামিমও ভিডিও ধারণ অব্যাহত রাখেন।
হামিম বলেন, ‘আমরা দুজন ঘটনাস্থলে ছিলাম। হঠাৎ দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে আমরা ভিডিও করতে থাকি। আমার ফোনে দুটি ভিডিও ধারণ করা হয়েছিল। পরে আমার বন্ধু ভিডিও ধারণ করছিল।’
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে মহসিন নামে একজন আমার কাছ থেকে ফোনটি কেড়ে নেন। তাঁকে ফোন নেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে অন্যদিকে চলে যান এবং ফোন পরে নিতে বলেন। পরে আমরা তাঁর পিছু নিই। এ সময় তিনি ফোনে থাকা রিপোর্টার্স ইউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করে সেখানে পাঠানো ভিডিওগুলো মুছে ফেলতে থাকেন। পাশাপাশি ফোনের গ্যালারিতে থাকা অন্যান্য ভিডিওও ডিলিট করেন।’
হামিম বলেন, ‘আমরা তাঁকে বারবার বলেছি, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং সাংবাদিক হিসেবে ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিডিও ধারণ করছি। পরিচয় দেওয়ার পরও তিনি আমাদের কথা শোনেননি। পরে পরিচিত এক বড় ভাই এসে ফোনটি ফেরত দেওয়ার কথা বললে দীর্ঘ সময় নিজের কাছে রাখার পর তিনি ফোনটি ফেরত দেন।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সদস্য সৃজন সাহা বলেন, একজন সাংবাদিকের ধারণকৃত ভিডিও জোরপূর্বক মুছে ফেলা, ব্যক্তিগত মোবাইল ফোন তল্লাশি করা এবং দীর্ঘ সময় ফোন আটকে রাখা পেশাগত দায়িত্ব পালনে সরাসরি বাধা। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।
তিনি ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনাটি অনুচিত ও অন্যায় হয়েছে। একজন সাংবাদিকের ফোন থেকে ভিডিও ডিলিট করা, এমনকি তিনি সাংবাদিক না হলেও একজন সাধারণ শিক্ষার্থীর ব্যক্তিগত ফোন তল্লাশি করা, তাঁর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা এবং ধারণকৃত ভিডিও মুছে ফেলা কোনোভাবেই ঠিক হয়নি।’
তিনি আরও বলেন, ‘আজকের ঘটনার বিষয়ে আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অনুষ্ঠানগুলো কীভাবে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সে বিষয়েও পরিকল্পনা করে অনুমতি দেওয়া হবে।’
ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে প্রক্টর বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।