ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান, ষড়যন্ত্রসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় পুনরায় জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় ক্ষমতাসীন বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল। একই সঙ্গে জুলাই আন্দোলনকারী গণতান্ত্রিক সব রাজনৈতিক দল ও ইসলামি সংগঠনগুলোও ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে চব্বিশের জুলাইয়ের মতো পুনরায় জেগে উঠে দেশ থেকে চিরতরে ফ্যাসিস্ট নির্মূলের অভিপ্রায় ব্যক্ত করেছেন দলগুলোর নেতারা।
তাঁরা মনে করেন, গণহত্যায় অভিযুক্ত অভিশপ্ত এ রাজনৈতিক দলটির রক্তের সঙ্গে দেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র মিশে গেছে। ককটেল-বোমা, আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সাধন তাদের চিরায়ত বদভ্যাস। এদের প্রতিহত করাসহ পরাজিত শক্তির দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে সরকার ও বিরোধী দল-সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশে আর কোনো দিন যাতে এই ভয়ংকর ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে ধরে রাখার আহ্বান জানান তাঁরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় সম্প্রতি আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি দেশবাসীকে সতর্ক করে বলেছেন, ‘অতীতের মতো একটি গোষ্ঠী পুনরায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তবে জনগণের ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করা হবে এবং দেশে আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদকে শিকড় গাড়তে দেওয়া হবে না।’
পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন সরকার ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতারা। জাতীয় সংসদের চলমান অধিবেশনেও এ ঐক্যের আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং পরাজিত শক্তির দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে সরকারি, বিরোধী দলসহ সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।’
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের এ আহ্বানের প্রতি শতভাগ একমত পোষণ করেন। তিনি ফ্যাসিবাদের দোসরদের কোনো প্রকার পুনর্বাসন না করার এবং নিজেদের (সরকারি ও বিরোধী দল) মধ্যে পারস্পরিক দোষারোপ বন্ধ করে জাতীয় স্বার্থে এক কাতারে দাঁড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। বিরোধীদলীয় নেতা শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো তাগিদ দিয়েছেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে মতপার্থক্য ও বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘চব্বিশের গণ অভ্যুত্থানে জনগণের যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত করতে সেই ঐক্যটাকে যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। দেশি-বিদেশি ষড়যন্ত্রসহ পতিত স্বৈরাচার যেন কোনো অবস্থাতেই আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থানসহ মানুষের কল্যাণে যাবতীয় কাজগুলোও ঐক্যবদ্ধভাবেই সুসম্পন্ন করতে হবে।’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পতিত স্বৈরাচারের মোকাবিলায় চব্বিশের আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে প্রস্তুত। কিন্তু সরকারকে আন্তরিক উদ্যোগ নিতে হবে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান জানাতে হবে। তবেই আমরা আমাদের কর্মসূচি নিয়ে মাঠে নামব।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গত আড়াই বছরেও পতিত আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। বরং দেশের বাইরে পালিয়ে থাকা নেতারা যেসব উসকানি ও হুমকিধমকি দিচ্ছেন, তাতে তাঁদের দলের যেসব নিরীহ নেতা-কর্মী ও সমর্থক দেশের ভিতরে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, তাঁরাও এখন ধ্বংস হতে বসেছেন।
সরকারের উচিত সমমনা শক্তিগুলোকে নিয়ে ন্যূনতম একটা ঐক্য বজায় রেখে কাজ করা।’ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ ঘটনার পর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তড়িঘড়ি বড় কোনো পাল্টা কর্মসূচিতে না গিয়ে দল দুটি সার্বিক অবস্থা বিবেচনা করে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কৌশল নিয়েছে।
জামায়াত ও এনসিপি এ নাশকতা ঠেকাতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এনসিপির নীতিনির্ধারকরা সাম্প্রতিক ঘটনাগুলোকে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ হিসেবে দেখছেন এবং এর বিপরীতে এখনই বড় কোনো পাল্টা কর্মসূচিতে নামার প্রয়োজন মনে করছেন না তাঁরা। তবে জননিরাপত্তায় সত্যিকার অর্থে বড় হুমকি তৈরি হলে তাঁরা সর্বশক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি রাখছেন বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম।
কেন্দ্রীয়ভাবে বড় কোনো কর্মসূচি এখনো ঘোষণা না করলেও চট্টগ্রামসহ কিছু এলাকায় নাশকতা প্রতিরোধে জামায়াত ও এনসিপির স্থানীয় নেতা-কর্মীদের সতর্ক অবস্থান ও টহল দিতে দেখা যায়। সরকার ও প্রশাসনের পদক্ষেপের দিকে নজর রেখে এবং রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করেই জামায়াত ও এনসিপি তাদের পরবর্তী রাজপথের কর্মসূচি চূড়ান্ত করবে বলে জানা যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর চরমোনাই বলেন, ‘যেকোনো দল বা গোষ্ঠী ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে আমরা তাদের প্রতিরোধ করতে প্রস্তুত আছি।’
দেশব্যাপী সাম্প্রতিক ককটেল, বোমাবাজিসহ অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘এগুলো কারা করছে সরকারকে আগে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। যারাই এ ধরনের নাশকতা করবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। আমি মনে করি জনগণের জানমালের হেফাজতে সব দল ও সংগঠনকেই এসব ধ্বংসাত্মক কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা উচিত।’ তবে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের জানমালের নিরাপত্তায় বিরোধী দল বসে থাকবে না। বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।’